২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার

শিশু হত্যা ও শিশু ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্তদের একজন প্রায় এক যুগ, অন্যজন দুই যুগ ধরে পলাতক ছিলেন।

জামালপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার ২ আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তফা

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 06:59 PM

Updated : 02 Jan 2023, 07:09 PM

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব ১৪ জামালপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ কথা জানান।

গ্রেপ্তাররা হলেন, শেরপুরের ঝিনাইগাতী ‍উপজেলার দুধনই গজারীকুড়া গ্রামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তাফা (২৮) এবং শেরপুর সদরের নয়াপাড়া এলাকার যাবজ্জীবন সাজা পাওয়া ইসমাইল হোসেন ইস্রাফিল (৫৫)।

এদের মধ্যে মোস্তফাকে রোববার বিকালে ঢাকার খিলগাঁও থেকে এবং  একই দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর থেকে ইস্রাফিলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০০৭ সালে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের এক মেয়ের সঙ্গে মোস্তফার পরিচয় হয়। ২০০৯ সালে তাদের বিয়ে হয়।

তারা গ্রামে গিয়ে সংসার শুরু করেন। কিছুদিন পর পুনরায় দুজন ঢাকায় গিয়ে পোশাক কারখানায় চাকরি নেন।

স্ত্রী গর্ভবর্তী হলে মোস্তফা তাকে নিয়ে শ্বশুরবাড়ি বকশীগঞ্জে চলে যান। সেখানে তাদের একটি ছেলে সন্তান হয়।

মোস্তফা দিন মজুরি করে জীবিকা নির্বাহ করছিলেন। শ্বশুর গরিব হওয়ায় সেখানে বসবাসের জায়গা ছিল না। একই গ্রামের অন্যের বাড়ির একটি পরিত্যক্ত রান্নাঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন মোস্তফা।

Image

র‌্যাবের হাতে গ্রেপ্তার যাবজ্জীবনপ্রাপ্ত ইসমাইল হোসেন ইস্রাফিল

২০১১ সালের ২০ মে তুচ্ছ বিষয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মোস্তফা তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান।

এক পর্যায়ে তার রাগ গিয়ে পড়ে পাঁচ মাস বয়সী শিশু সন্তানের ওপর। তিনি শিশুটির দু’পা ধরে ঘরে থাকা ঢেঁকির সঙ্গে সজোরে কয়েকবার আছাড় দেন। এতে শিশুটি মারা যায়।

এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে মোস্তফার নামে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এর পর থেকে পরিচয় গোপন করে ছদ্মনামে ঢাকার বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন মোস্তফা। এর মধ্যেই মামলায় ২০২০ সালের ২ ডিসেম্বর জামালপুরের একটি আদালত মোস্তফাকে মৃত্যুদণ্ড দেয়।

র‌্যাব কর্মকর্তা আশিক উজ্জামান সংবাদ সম্মেলনে আরও জানান, এক ভিক্ষুকের শিশুকন্যাকে অপহরণ করে বিভিন্নস্থানে আটক রেখে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৯৯৮ সালের ৭ জুলাই টাঙ্গাইলের মধুপুর থানায় একটি মামলা হয়। এর পর থেকে আসামি ইসমাইল হোসেন ইস্রাফিল পলাতক ছিলেন। এ অবস্থায় ২০১৮ সালের ২ জুলাই টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন বিশেষ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।