২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: রিজভী

রিজভী বলেন, নাটোরের এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র কেউই জনগণের ভোটে নির্বাচিত হননি একমাত্র রুহুল কুদ্দুস তালুকদার ছাড়া।

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: রিজভী

নাটোরের আলাইপুর উপশহর মাঠে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 10:54 PM

Updated : 31 Oct 2022, 10:54 PM

বাংলাদেশে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গুন্ডাপান্ডা সন্ত্রাসী, মাস্তান দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সাজানো। আওয়ামী লীগে কোনো ভদ্রলোক নেই; কোনো সজ্জন লোক তারা পায় না।

সোমবার আলাইপুর উপশহর মাঠে নাটোর সদর ও পৌর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছোট-বড় মিছিল নিয়ে আলাইপুর উপশহর মাঠে সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা।

সমাবেশে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করে রিজভী তার বক্তব্যে বলেন, “এতে প্রায় ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত, রক্তাক্ত হয়েছেন। আগেও নাটোরে বিএনপির ১২ জন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

“নাটোরের এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র কেউই জনগণের ভোটে নির্বাচিত হননি শুধু রুহুল কুদ্দুস তালুকদার ছাড়া।”

এখন বিএনপির সমাবেশ হলে সরকার ধর্মঘট ডাকে বলেন মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা।

“কিন্তু তারা জনতার ঢল আটকাতে পারেনি,” যোগ করেন তিনি।

বিদ্যুতের প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, “আমরা এখন আর বিদ্যুৎ শুনি না, লোডশেডিং আর লোডশেডিং শুনি। যে উন্নয়নের মধ্যে ফাঁকিবাজি, লুট ও চুরি থাকে সে উন্নয়ন ধর ধর করে পড়ে যায়।”

দেশের অধিকাংশ মানুষ এখন এক বেলা খায় দাবি করে তিনি বলেন, “সাধারণ মানুষের করুণ অবস্থা। মানুষ চাল, ডাল পেয়াজ, তেল কিনতে পারে না, বাজারে যেতে পারে না, টিসিবির লাইনে দাঁড়ায়।”

নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম- আহ্বায়ক কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, রুহুল আমিন টগর, সাধারণ সম্পাদক ফয়সাল আলম।

বিএনপি নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাধা, মারপিট, ধাওয়া ও হামলার অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান বক্তারা।