২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে জমির বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু

সালিশ চলার সময় তার উপর হামলা করে প্রতিপক্ষ।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 05:14 PM

Updated : 18 Oct 2022, 05:14 PM

ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সাজু মণ্ডল (২৫) উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের নুরু মন্ডণ্ডর ছেলে।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, পালামগঞ্জ এলাকায় একটি জমির দখল নিয়ে মিলন শিকদার ও আব্দুল হাকিমের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ সমস্যা সমাধানে শনিবার সালিশের আয়োজন করা হয়। সালিশে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় আব্দুল হাকিমের পক্ষের লোকজন লাঠিসোটা দিয়ে সাজুকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু আইসিইউর প্রয়োজনে তাকে দয়াগঞ্জের আল মদিনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, সাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রতিপক্ষের লোকজন তার উপরও হামলা করে। পরে তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দায়ীদের বিচার দাবি করেন।

ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। লাশের সুরতহাল করে দুপুরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।