২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্কজ অনুসারীদের প্রতিষ্ঠানে ‘হামলা’, অভিযোগ শাম্মী-সমর্থকদের বিরুদ্ধে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাম্মী আহম্মেদ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 10:10 PM

Updated : 27 Nov 2023, 10:10 PM

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন হারানো পংকজ নাথের অনুসারীদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকালে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকে সোমবার সকাল পর্যন্ত এ আসনের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় এসব হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ সব ঘটনায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া শাম্মী আহম্মেদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন পঙ্কজের অনুসারীরা।

অভিযোগের বিষয়ে জানতে শাম্মী আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে শাম্মীর বড় ভাই ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এটা বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার যেন আবার না হয়, তার জন্য সবাইকে বলে দেওয়া হয়েছে।”

হামলার বিষয়ে হিজলা উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য অফেনূর বেগম ইসলাম বলেন, “আমি পঙ্কজের অনুসারী। তাই সোমবার সকাল ৮টার দিকে শাম্মীর অনুসারী মহসিন কবির, জসিম ও আরিফ এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা আমার ছেলে অন্তুকে মারধর করে। হামলাকারীরা হুমকি দিয়েছে, নির্বাচন শেষ হলে আমার আরেক ছেলে শান্তর হাত-পা গুঁড়িয়ে দেবে।”

হিজলা উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল বলেন, “সন্ধ্যার পর মাহিম, সিরাজ ও নাদিমের নেতৃত্বে ৫০-৬০ জন এসে বান্দ্রা বাজারে আমার ভ্যারাটিজ স্টোর, ভাই হিজলা-গৌরব্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির বেপারীর মুদি দোকান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামসু খাঁর ভ্যারাটিজ স্টোর, কাসেম হাওলাদারের বেকারি, নাসির খাঁর কাপড়ের দোকানেও হামলা-ভাঙচুর করেছে।

“এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বান্দেরহাট বাজার ব্যবসায়ী কাজী হানিফের দোকানে তালা মেরে দেওয়া হয়। হামলার ভয়ে বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে আছি।”

ফখরুলের অভিযোগ, সাবেক এমপি পঙ্কজ নাথের অনুসারী হওয়ায় হামলাকারীরা এ হামলা চালিয়েছে।

এদিকে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের উত্তর বাজার এলাকায় পঙ্কজ নাথের বাড়ির সামনে পাঁচটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে তার অনুসারীরা জানিয়েছেন।

শ্যামল দেবনাথ নামের এক দোকানি বলেন, “রোববার সন্ধ্যার পর ১০/১৫ জনের একটি দল এসে অকথ্য ভাষায় গালাগাল করে দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায়। হুমকির পর রিপন ও অসীম দেবনাথের চা-বিস্কুটের, সঞ্জয় দেবনাথের পাখির খাবারের, শুভ ও আমার স্টেশনারি দোকান বন্ধ করা হয়।”

সোমবার বিকাল ৫টা পর্যন্ত দোকান খোলা হয়নি জানিয়ে শ্যামল বলেন, “পুলিশ এসেছিল। তারা তথ্য জেনে চলে গেছেন।”

হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, যে সব স্থানে ঘটনা ঘটেছে প্রত্যেকটি স্থানে পুলিশ পাঠানো হয়। সবাইকে অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ইয়াসিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে তথ্য পাওয়ার পর সিদ্বান্ত দেওয়া হবে।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, “দীর্ঘদিনের ক্ষোভের কারণে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক সবাইকে নির্দেশ দিয়েছি এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। সবাই দলের লোক। তাদের নিয়ে কাজ করতে হবে।”

দীর্ঘদিন ধরেই দলীয় রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছেন মেহেন্দিগঞ্জ-হিজলার দুইবারের সংসদ সদস্য পঙ্কজ।

পুরনো খবর:

পঙ্কজ-শাম্মী দ্বন্দ্ব কতদূর গড়াবে