Published : 28 Aug 2023, 07:14 PM
চুয়াডাঙ্গায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের সমর্থকের মৃত্যুর মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দ্বিতীয় আদালতের বিচারক জোহরা খাতুন আসামির করা জামিন আবেদন নামঞ্জুর করে তাতে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামির নাম এজাজ ইমতিয়াজ বিপুল। তিনি নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
একই সঙ্গে ওই মামলার বাকি ২২ জন আসামির জামিন মঞ্জুর করেন আদালত, এই আসামিরা জামিনেই রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৬ মার্চ আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ মার্চ সহিসংতায় সংঘর্ষে জড়ান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) হায়াত আলী ও বিদ্রোহী প্রার্থী (চশমা) এজাজ ইমতিয়াজ বিপুলের কর্মী-সমর্থকেরা।
এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন; আহতদের মধ্যে দবির আলী (৫৫) নামে এক নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকও ছিলেন।
ঘটনার পরদিন আলমডাঙ্গা থানায় দবির আলীর ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী এজাজ ইমতিয়াজকে হুকুমের আসামি করে ২৫ জনের নামে মামলা করেন।
এরপর গত ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দবির আলী। ফলে আগের হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় পরিণত হয়।
প্রতিপক্ষের দায়ের করা মামলায় ২১ মার্চ আলমডাঙ্গার আমলি আদালতে এজাজ ইমতিয়াজসহ তার পক্ষের ১৭ জন উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শর্তসাপেক্ষে তাদের জামিন মঞ্জুর করেন।
এই মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে এলে মামলার হুকুমের আসামি এজাজ ইমতিয়াজ বিপুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।