বাবা-মায়ের প্রথম দেখা হওয়া রেস্তোরাঁয় ‘প্রেমিকাকে’ নিয়ে গিয়েছিলেন রাহুল গান্ধীও
প্রেমিকাকে কিছু না জানিয়ে কেমব্রিজে সোনিয়া ও রাজীব গান্ধীর প্রথম দেখার সেই গ্রিক রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী। কী ঘটেছিল সেখানে? শোনালেন সেই অজানা গল্প।
রাজনীতির ময়দানে সবসময় গুরুগম্ভীর দেখা গেলেও সোমবার এক অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে।
মা সোনিয়া গান্ধীর স্মৃতিগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা ও মজার গল্প শুনিয়েছেন তিনি।
রাহুল জানান, যুক্তরাজ্যে কেমব্রিজের যে গ্রিক রেস্তোরাঁয় তার বাবা-মা রাজীব ও সোনিয়া গান্ধীর প্রথম দেখা হয়েছিল, পরে তিনিও তার প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন সেই একই রেস্তোরাঁয়।
ছোটবেলা থেকেই বাবা-মায়ের প্রথম দেখা হওয়ার গল্প শুনে আসছিলেন রাহুল গান্ধী। বহু বছর পর নিজে যখন কেমব্রিজে গেলেন, তখন ঠিক করলেন সেই রেস্তোরাঁয় যাবেন।
প্রেমিকাকে সঙ্গে নিয়ে সেখানে হাজিরও হলেন, তবে শুরুতে তাকে আসল কারণটি বলেননি। কিন্তু বিপত্তি বাধে খাবার নিয়ে; সেখানকার খাবার খেয়ে রীতিমতো হতাশ হয়েছিলেন রাহুল।
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর প্রকাশনা অনুষ্ঠানে এই স্মৃতিচারণ করে রাহুল বলেন, তার বাবা-মাকে ঘিরে 'রূপকথার মতো অনেক গল্প' প্রচলিত আছে; যার মধ্যে কেমব্রিজের ওই রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা হওয়ার গল্পটি অন্যতম।
রাহুল গান্ধী বলেন, "বহু বছর পর, আমি একবার কেমব্রিজে গিয়েছিলাম। তখন আমার প্রেমিকাকে বললাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। এই জায়গাটি কী, সে সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না।
“আমি জোর দিয়ে বললাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। এরপর আমরা সেখানে গেলাম। আমার বাবা-মা কোথায় প্রথম দেখা করেছিলেন, আমি আসলে সেটিই দেখতে চেয়েছিলাম।"
রাহুলের মনে আছে, রেস্তোরাঁটির দরজা ছিল হলুদ রঙের। সেখানে ঢোকার মুখে এক ব্যক্তির সঙ্গে তার কথা হয়েছিল। ওই রেস্তোরাঁয় নিজের বাবা-মায়ের স্মৃতির কথা বলার পর সেই ব্যক্তি যেন রাজীব ও সোনিয়াকে চিনতে পেরেছিলেন।
রাহুল সেই দিনের কথা মনে করে বলেন, "আমরা রেস্তোরাঁর ভেতরে ঢুকলাম। সেই হলুদ রঙের দরজার কথা আমার এখনও স্পষ্ট মনে আছে। দরজার কাছে এক ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন। তিনি জানতে চাইলেন, 'আপনারা কতজন?' আমি বললাম, 'দুজন।' উত্তরে তিনি বললেন, 'ভেতরে গিয়ে বসুন।”
আসন গ্রহণ করার পর রাহুল রেস্তোরাঁর কর্মীদের জানান যে, তার বাবা-মা এখানেই (রেস্তোঁরা) প্রথম দেখা করেছিলেন। এর উত্তরে তারা যা বলেছিল, তাতে তিনি বেশ অবাক হয়েছিলেন।
তিনি বলেন, "আমি বললাম, 'আপনি কি জানেন, আমার বাবা-মা এই রেস্তোরাঁয় প্রথম দেখা করেছিলেন। তিনি শুধু আমার দিকে তাকালেন এবং বললেন, 'ওহ, উনারা। আমি তাদেরকে চিনি।”
“আমি তখন অনেকটা অবাক হয়ে বললাম, আপনি তাদের সম্পর্কে কী জানেন?' তিনি বললেন, 'ওহ, ওই দুজন। আমি ঠিকই বুঝতে পারছি আপনি কাদের কথা বলছেন।"
রাহুলের কাছে ঘটনাটি ছিল বেশ আশ্চর্যের। কারণ, এত বছর পরেও ওই রেস্তরাঁর কর্মীর স্মৃতিতে তার বাবা-মায়ের পরিচয় রয়ে গিয়েছিল।
এরপর আসে খাবার অর্ডার করার পালা। ‘চিকেন শাসুর’ অর্ডার দেন রাহুল। কিন্তু খাবার খেয়ে মোটেই খুশি হননি তারা।
অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রসিকতা করে রাহুল বলেন, “কেউ যদি প্রেমে পড়তে চান, তাহলে ভার্সিটি রেস্তোঁরায় যেতে পারেন। তবে সেখানে গিয়ে ভুলেও চিকেন শাসুর খাবেন না।”
তিনি আরও বলেন “যদিও মা-বাবার এই খাবারটা অসাধারণ লেগেছিল। কিন্তু আমাদের খাবারটি জঘন্য লেগেছে।”
রাহুলের এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল ওঠে। কিন্তু প্রশ্নও ওঠে যে, রাহুলের সেই প্রেমিকা এখন কোথায় ? এর জবাবে রাহুল জানান, তিনি এখন তার বন্ধু।
সনিয়া গান্ধী তার আত্মজীবনীতে স্বামী রাজীব গান্ধীর সঙ্গে তার প্রথম পরিচয়ের কথা বর্ণনা করেছেন। সেখানে তিনি জানান, ১৯৬৫ সালে কেমব্রিজের একটি ছোট্ট গ্রিক রেস্তরাঁয় তাদের প্রথম দেখা হয়েছিল।
এক কমন বন্ধুর মাধ্যমে পরিচয় হয় দু'জনের। এরপর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজীব ও সোনিয়া।
সূত্র: ইন্ডিয়া টুডে
