হাসপাতালে চিকিৎসকের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩
“আমি তাদেরকে রোগী ভেবে কী হয়েছে জানতে চাই।“
রাজবাড়ীতে হাসপাতালে চিকিৎসকের মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার মধ্যরাতের দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।
এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মো. আবুল কালাম আজাদ সোমবার মামলা করেছেন।
দুপুরে গ্রেপ্তার তিনজন হলেন- গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. রনি (২৫), ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি মহল্লার মো. ইমরান হোসেন (২৭) এবং একই ওয়ার্ডের নছরউদ্দিন পাড়ার রুবেল ফকির ওরফে সোনা (২৮)।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্যরাতের দিকে দুই ব্যক্তি জরুরি বিভাগের পাশে আমার বিশ্রাম কক্ষে আসেন। আমি তাদেরকে রোগী ভাবি এবং কী হয়েছে জানতে চাই। তখন তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করে।
“পরে পিস্তল ও ধারালো ছুরি মাথায় ঠেকিয়ে পকেটে থাকা মানিব্যাগ থেকে প্রায় সাড়ে ছয় হাজার টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
চিকিৎসক আরও বলেন, “পালিয়ে যাওয়ার সময় আমাকে কক্ষে রাখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আমার চিৎকারে হাসপাতালের অন্যান্য স্টাফরা এসে আমাকে উদ্ধার করেন।”
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, চিকিৎসকের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
