১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

সাতকানিয়ায় ‘সঙ্গীদের’ মারধরে তরুণের মৃত্যু

সাতকানিয়ায় ‘সঙ্গীদের’ মারধরে তরুণের মৃত্যু

রিয়াজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 02:31 PM

Updated : 18 Oct 2026, 02:31 PM

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সাতকানিয়া সদরের শাহ মজিদিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার বিকালে মারধরের ঘটনায় গুরুতর আহত হন মো. রিয়াজ নামের ওই তরুণ। পরে শনিবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ২২ বছর বয়সি রিয়াজ সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের খিতামোল্লা পাড়ার নাজির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, যাদের হাতে রিয়াজ খুন হয়েছেন, তাদের সঙ্গেই চলাফেরা করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, নিহত রিয়াজের সঙ্গে অভিযুক্তদের আর্থিক লেনদেন ছিল। লেনদেনের বিরোধে পরে একজনের মোবাইল ফোনটি নেন রিয়াজ। সেই ঘটনাকে ‘মোবাইল চুরি’ বর্ণনা করে রিয়াজকে মারধর করা হয়।

ওই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত রিয়াজের সাথে অভিযুক্তদের আর্থিক লেনদেন ছিল। এ নিয়ে বিরোধের জেরে রিয়াজ একজনের মোবাইল নিয়ে নেয়। পরে সে মোবাইল চুরি করেছে বলে তাকে মারধর করা হয়।”

স্থানীয়রা জানান, যারা রিয়াজের ওপর হামলা করেছেন, তাদের সঙ্গেই ঘোরাফেরা করতেন তিনি। তাদের মধ্যে কেউ এলাকায় ছোটখাটো দোকান করতেন। এলাকাবাসীর কাছে তারা উচ্ছৃঙ্খল হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার বিকালে শাহ মজিদিয়া বাজারে গাছের বাটাম ও লোহার রড দিয়ে রিয়াজকে বেধড়ক মারধর করা হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনায় নিহত রিয়াজের পরিবার থানায় মামলা করেছে।

পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুজন এবং সন্দেহভাজন আরও দুজনকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।