২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ-গুলি, আহত ১৫

এ ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। 

যমুনা সার কারখানায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ-গুলি, আহত ১৫

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 09:14 PM

Updated : 31 Oct 2022, 09:14 PM

আধিপত্য বিস্তারের জেরে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।  

রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আশরাফুল আলম মানিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনায় সোমবার দুপুরে এসআই আব্দুল আজিজ বাদী হয়ে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলায় রফিকুল ইসলাম, আশরাফুল আলমসহ ১২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

এ ঘটনায় মাইনুল ইসলাম ময়নাল ও জামাল উদ্দিন নামে দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, সার কারখানার আধিপত্য নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এর জেরে রোববার রাত ৯টার দিকে রফিকুল ইসলাম সমর্থিত রায়হান কান্দারপাড়া বাজারে প্রতিপক্ষের হামলার শিকার হন।

খবর ছড়িয়ে পড়লে রফিকুল ইসলামের লোকজন ক্ষিপ্ত হয়ে কারখানার গেইটপাড় এলাকায় এসে অবস্থান নেয়। তখন সেখানে থাকা  আশরাফুল আলম মানিকের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

এ সময় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়িতে হামলা ও লুটতরাজ এবং রফিকুল ইসলামের মেসার্স বুশরা বাণিজ্যিক সংস্থার কার্যালয় ভাঙচুর করা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং একপর্যায়ে ফাঁকা গুলি করে। ইট-পাটকেলের আঘাতে এসআই আব্দুল আজিজ, এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল আব্দুস সালাম, সমর্থক মিনহাজ, রায়হান, রফিক, মজিদ, রশিদ, লালন, লাল চানসহ অন্তত ১৫ জন আহত হন।

গুরুতর আহত মিনহাজ ও রফিককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকার কাফকো থেকে যমুনা সার কারখানায় গ্রামসিকো লিমিটেডের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করছে। সার আনলোডের জন্য মেসার্স মাজেদা ট্রেডার্স দায়িত্ব পেয়েছে। এর সত্ত্বাধিকারী ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক।

“মানিক প্রতি ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছেন। এ নিয়ে প্রতিবাদ করায় মানিকের লোকজন সম্প্রতি আমাদের লোকজনের ওপর চড়াও হয়।”

তবে সংঘর্ষের সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে কোনো ধরনের গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করেন রফিকুল।

ট্রাকে চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, “রফিকুল ইসলামের সমর্থকরা আমার লোকজনের ওপর সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় গুলিও করা হয়।”

“সার আনলোডের কাজ না পেয়ে চাঁদাবাজীর মিথ্যা বানোয়াট অভিযোগ করছে রফিকুল।”

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, “যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি ফাঁকা গুলি করে।”