২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ দু’বেলা খেতে পারছে না: আমীর খসরু

আন্দোলনের অংশ হিসেবে ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা করবে।

মানুষ দু’বেলা খেতে পারছে না: আমীর খসরু

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 09:19 PM

Updated : 04 Feb 2023, 09:25 PM

দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ দু’বেলা খেতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “ব্যাংক, শেয়ারবাজার, মেগা এবং ছোট ছোট প্রজেক্ট চুরি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে সরকার। গত কয়েক বছরে ১০ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে।”

শনিবার বিকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এসব কথা বলেন।

জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং সরকারি কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেও মন্তব্য করেন আমীর খসরু।

তিনি বলেন, “বাংলাদেশ একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। ভোট চুরি করার জন্য তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশে তাদের কোনো রাজনীতি নেই।”

১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে বিএনপি পদযাত্রা করবে জানিয়ে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “দেশেকে অর্থনৈতিক ও শিক্ষার ক্ষেত্রে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ থেকে সরবে না।

“সাধারণ মানুষ বিএনপিকে সমর্থন করে বলেই সভায় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়। মানুষের ভালোবাসায় রাজপথে টিকে থাকবে বিএনপি।”

সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন ও উত্তর জেলা আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপির নেতা কাজী রানা, শিব্বির আহমদ বুলু, আব্দুল হান্নান খান, শামীম আজাদ, শুক্কুর মাহমুদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন।