সিলেট নগরী থেকে কলেজ ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
মরদেহের পাশ থেকে কাপড় কাটার রক্তমাখা একটি কাঁচি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কাঁচি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
সিলেট নগরী থেকে এক কলেজ ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খুলিয়াটুলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সিলেট নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবার আলী শেখ জানান।
নিহত সোনিয়া আক্তার (২১) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। সোনিয়ার পরিবার খুলিয়াটুলার ১৪ নম্বর বাসার চতুর্থ তলায় ভাড়া থাকেন।
নিহত সোনিয়ার মা অমিতা বেগম জানান, শনিবার রাত ১২টার দিকে খালার বাসা থেকে মামাতো ভাই সজিবের সাথে বাসায় আসে সোনিয়া। রাতে সোনিয়াদের বাসায় থেকে যায় সজিব।
রোববার সকাল ৭টার দিকে তিনি সোনিয়া ও সজিবকে বাসায় রেখে বাহিরে যান। পরে দুপুর ১২টার দিকে বাসায় এসে দেখেন সোনিয়ার মরদেহ বিছানায় পড়ে আছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় সজিব জড়িত বলে অভিযোগ জানান তিনি।
উপ-পুলিশ কমিশনার আজবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনিয়ার গলায় ধারালো কিছুর আঘাত রয়েছে; মরদেহের পাশ থেকে কাপড় কাটার রক্তমাখা একটি কাঁচি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কাঁচি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
“পুলিশ, সিআইডি, পিবিআই মিলে এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কাউকে আটক করতে পারিনি, তবে একজনকে আটক করতে অভিযান চলছে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ডিসি উত্তর।
