যশোর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
সাংবাদিক শিহাব ও আহত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটেছে।
রোববার রাতে শহীদ মসিয়ূর রহমান হলে এ ঘটনায় সাংবাদিকসহ তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর হাসান আল ইমরান।
তিনি বলেন, “রাতে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।”
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কদমতলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারীরা সভাপতি সোহেল রানার কয়েক কর্মীকে ধাওয়া করে।
এরপর তানভীর ফয়সালের অনুসারীরা হলে ফিরলে রাত সাড়ে ৮টার দিকে সভাপতি সোহেল রানার সমর্থকরা হলে প্রবেশ করে। তখন সন্ধ্যার ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং বিডি সমাচারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিন সরকার।
শিহাব বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রক্টর হাসান আল ইমরান বলেন, সাংবাদিক শিহাব ও আহত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা আজ (সোমবার) বসব, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, “আমরা জানতে পেরে ঘটনাস্থলে এসে মারামারি থামিয়ে দিই। অনাকাঙি্ক্ষত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে হলে তল্লাশি করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মীদের অন্তর্কোন্দল এবং সাংবাদিকের উপর হামলার বিষয়টি তিনি জেনেছেন।
“ক্যাম্পাসে কোনো অস্ত্রের রাজনীতি করতে দেওয়া হবে না। দ্রুতই দোষীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন উপাচার্য।
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
