ছোট ভাইকে নিয়ে বাইকে, কভার্ডভ্যান চাপায় প্রাণ হারাল দুজন
গাজীপুরে ছোট ভাইকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে কাশিমপুর-আশুলিয়া সড়কে যায় মেহেদী।
গাজীপুর মহানগরীতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে কভার্ডভ্যানের চাপায় দুই ভাই নিহত হয়েছে; যাদের একজন কিশোর ও একজন শিশু।
মঙ্গলবার বিকালে কাশিমপুর সুলতান মার্কেট স্কয়ার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম।
নিহতরা হলো গাইবান্ধা সদরের সারদাগঞ্জ ভুইঁয়া পাড়ার সাজু ইসলামের ছেলে মেহেদী হাসান (১৫) ও ইসরাফিল (৯)।
স্থানীয়দের বরাতে ওসি সৈয়দ রাফিউল করিম জানান, সাজু ইসলাম দীর্ঘদিন ধরে কাশিমপুর থানার সারদাগঞ্জ ভূইয়াপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
তার বড় ছেলে মেহেদী ওই এলাকার সুলতান মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণি এবং ছোট ছেলে ইশরাফিল একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
“বিকালে বাবার মোটরসাইকেলে ছোট ভাইকে পেছনে বসিয়ে মেহেদী কাশিমপুর-আশুলিয়ার শ্রীপুর সড়কে ঘুরতে বের হয়।
“রাস্তায় একটি কভার্ডভ্যান তাদের চাপা দেয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর সারাবের শেখ ফাজিলাতুননেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার পরপরই কভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। তবে আশেপাশের সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি সৈয়দ রাফিউল জানান।
