২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্বাচন অনুষ্ঠিত হবে: আমু

জাতীয় নির্বাচনে সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান এ প্রবীণ নেতা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 09:56 PM

Updated : 17 Oct 2023, 09:56 PM

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, “জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীতকরণসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ‘দেশের মানুষের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে’ সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এ প্রবীণ নেতা।

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমু আরও বলেন, “আওয়ামী লীগ বিগত দিনেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেছে। আজকেও তা মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের অগ্রযাত্রা ও মানুষের ভাগ্যের পরিবর্তন অব্যাহত রাখার স্বার্থে শেখ হাসিনার বিকল্প নেই।”

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ নেতারা ছিলেন।