ফেনীতে অস্ত্র মামলায় একজনের ১৭, অন্যজনের ১০ বছর সাজা
একটি রিভলভার ও পাঁচটি গুলিসহ জামশেদ এবং একটি দেশী বন্দুকসহ আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ফেনীতে অস্ত্র বহনের দায়ে একজনের ১৭ ও অন্যজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে আদালত।
সোমবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসমিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জানান ।
১৭ বছরের সাজাপ্রাপ্ত জামশেদ আলম ফোরন (৩৬) সোনাগাজী উপজেলার মধ্যম চরচান্দিয়া গ্রামের বাসিন্দা এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলা উদ্দিন (৩৯) একই গ্রামের বাসিন্দা। আসামিরা জামিন পাওয়ার পর থেকে পলাতক ।
মামলার বরাত দিয়ে এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক বলেন, ২০১৩ সালের ৬ অক্টোবর রাতে ওই এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে একটি রিভলভার ও পাঁচটি গুলিসহ জামশেদ এবং একটি দেশী বন্দুকসহ (পাইপগান) আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওই দিন সোনাগাজী মডেল থানার এএসআই মো. শহিদুল ইসলাম বাদী মামলা করেন।
আইনজীবী আরও বলেন, মামলার তদন্ত শেষে ওই বছরের ৪ নভেম্বর এসআই মো. মোতাহের হোসেন দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারকার্য শেষে সোমবার আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি জামশেদকে ১৭ বছর ও আলা উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
