২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশালীন বক্তব্য দিলে ‘জিভ কেটে’ ফেলার নির্দেশ নারায়ণগঞ্জ আ.লীগ নেতার

“বিএনপির বন্ধুরা নির্বাচন চান না, তারা দেশে অরাজকতা সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে চায়।”

অশালীন বক্তব্য দিলে ‘জিভ কেটে’ ফেলার নির্দেশ নারায়ণগঞ্জ আ.লীগ নেতার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট খোকন সাহা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 02:20 PM

Updated : 13 Aug 2023, 02:20 PM

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ ‘অশালীন’ বক্তব্য রাখলে সঙ্গে সঙ্গে জিভ কেটে নদীতে ফেলে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের এক আওয়ামী লীগ নেতা।

শনিবার বিকালে শহরের দুই নম্বর গেট এলাকায় দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এই নির্দেশনা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে খোকন সাহা বলেন, “মাঝে মাঝে শহীদ মিনার এলাকায় হুট করে ওরা চলে আসে। নেত্রীর সম্পর্কে অশালীন বক্তব্য রাখে।

“আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নেত্রীর সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, আমাদের নেতা-কর্মীদের সম্পর্কে যদি কেউ অশালীন বক্তব্য রাখে কিংবা কথা বলে, সাথে সাথে অ্যাকশনে চলে যাবেন আপনারা। প্রয়োজনে ওদের জিভ কেটে শীতলক্ষ্যা আর বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবেন। নেত্রীর প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, দলের প্রশ্নে আমরা কোনো আপস করি না, আপস করব না।”

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ফিরে দেখা ১৯৭৫, নারায়ণগঞ্জ’ নামে সংগঠনের আয়োজনে এই আলোচনা সভায় তিনি আরও বলেন, “বিএনপির বন্ধুরা নির্বাচন চান না, তারা দেশে অরাজকতা সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে চায়।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, বাস্তবে তা হয় না। নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে-ঘাটে কাজ করেন। নাশকতা করলে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে এক ইঞ্চি ছাড় দেবো না।

“বাংলাদেশের কোথাও কী হবে জানি না, জনদুর্ভোগ সৃষ্টি করলে নারায়ণগঞ্জে আপনারা রক্ষা পাবেন না। স্বাভাবিকভাবে রাজনীতি করেন, আমরা তো আপনাদের বাধা দেই নাই, অস্বাভাবিক পরিস্থিতি করলে আপনারা সেই জবাব নেওয়ার প্রস্তুত থাকবেন।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক জড়িত উল্লেখ করে তাদের মরণোত্তর বিচারও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, সাবেক সহসভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি।