২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মাদক মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন

রমিজের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১১ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করা হয় বলে জানান পিপি।

কক্সবাজারে মাদক মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 05:32 PM

Updated : 10 Jul 2023, 05:32 PM

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে শ্যালক ও দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম জানান।

দণ্ডিতরা হলেন- পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়ার রমিজ উদ্দিন এবং তার শ্যালক চকরিয়া উপজেলার বদরখালীর ওয়াইজ উদ্দিন।

মামলার বরাত দিয়ে পিপি ফরিদুল আলম বলেন, ২০২১ সালের ৯ অগাস্ট রাতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল বাঁশখালী উপজেলায় অবস্থান করছিল। এ সময় দলটির সদস্যরা খবর পান পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া এলাকায় এক বাড়িতে পাচারের উদ্দেশে ইয়াবার বড় একটি চালান মজুদ রয়েছে।

তিনি বলেন, এতে র‌্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেললেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় ধাওয়া দিয়ে রমিজ ও ওয়াইজকে আটক করে র‌্যাব। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১১ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করা হয়।

এই আইনজীবী বলেন, এ ঘটনায় পরদিন র‌্যাবের এক সদস্য বাদী হয়ে পেকুয়া থানায় রমিজ ও ওয়াইজের বিরুদ্ধে মামলা করেন।

পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

তিনি আরও বলেন, ২০২২ সালের ২৭ অগাস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত রমিজ ও ওয়াইজকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।