১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ উপজেলা নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছেন মো. তাজুল ইসলাম।

জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ উপজেলা নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 07:31 PM

Updated : 12 Apr 2024, 07:31 PM

দলীয় মনোনয়ন না থাকায় এবারের উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

তিনি বলেছেন, যারা কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে পেরেছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, ন্যায় বিচারের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন, তারা উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করে দেখতে পারেন। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন তিনি। 

উপজেলা নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, “আওয়ামী ও সহযোগী সংগঠনের যেকেউ চাইলে প্রার্থী হতে পারেন। তবে সমাজিক যোগাযোগমাধ্যমসহ কোথাও একে অন্যের বিরুদ্ধে বিষোদগার থেকে বিরত থাকতে হবে।”

তাজুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে দেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক দুরাবস্থার মধ্যেও দেশের মানুষ তুলনামূলক ভালো আছেন। 

দেশে খাদ্য ঘাটতি দূর, শতভাগ বিদ্যুতায়ন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে দাবি করেন স্থানীয় সরকারমন্ত্রী। 

মানব সম্পদ উন্নয়নে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “মানুষের সক্ষমতা ও রুচি উন্নত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। যোগ্যরাই টিকে থাকে, তাই মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য। 

“সমাজে সবাইকে সৎ আচরণের অনুশীলন করতে হবে। সেইসঙ্গে সামাজিক সুবিচার নিশ্চিত করলে মানুষ শান্তিতে থাকতে পারবেন।”

সভায় এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন বক্তব্য দেন। 

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে মো. তাজুল ইসলাম সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।