২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কিশোরীকে হত্যার দায়ে কিশোরের ১০ বছরের আটকাদেশ

২০২০ সালের ২৮ মার্চ নিখোঁজের ২৫ দিন পর ওই ছাত্রীর মাথাবিহীন লাশ পাওয়া যায় বলে জানান পিপি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 11:27 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে হত্যা মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আবদুল হান্নান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু।

আটকাদেশ পাওয়া ১৭ বছরের কিশোর ওই উপজেলার বাসিন্দা।

হত্যার শিকার শারমীন আক্তার কাকুলী (১৪) উপজেলার উত্তর ইসলামাবাদ গ্রামের বজলু বেপারীর মেয়ে। সে স্থানীয় মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পিপি সাইয়েদুল ইসলাম বলেন, “২০২০ সালের ২৮ মার্চ সকাল সাড়ে ৮টায় কাকুলী বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। ছুটি শেষে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে তাকে না পেয়ে ২৯ মার্চ থানায় জিডি করা হয়।

“২২ এপ্রিল কাকুলীর বিদ্যালয়ের পাশে অক্সফোর্ড অ্যাকাডেমির টিনের ঘরে মাথাবিহীন একটি লাশ পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে কাকুলীর লাশ শনাক্ত করেন।”

তিনি বলেন, এ ঘটনায় কাকুলীর মা রোকেয়া বেগম মতলব উত্তর থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে মামলাটির তদন্তভার পান তৎকালীন থানার এসআই নাহিদ হোসেন। 

মামলার পরদিন এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে পুলিশ পরিদর্শক মো. মামুন তদন্ত শেষে ২০২১ সালের ৩১ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় ২০২২ সালের ২৬ জুলাই জেলা পিবিআই’র পরিদর্শক মীর মাহবুবুর রহমান আদালতে আরেকটি তদন্ত প্রতিবেদন জমা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইয়েদুল ইসলাম।

২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়; এ ছাড় রায়ের সময় বয়স ১৮ এর উপরে হওয়ায় তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন নাজিমুল্লাহ বাপ্পি।