কক্সবাজারে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত
ক্যাম্পে তিনি রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেছেন, তথ্য সংগ্রহ করেছেন এবং ক্যাম্পের নানা কার্যক্রম স্বচক্ষে দেখেছেন।
জাতিংসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দিনব্যাপী তিনি উখিয়ায় আশ্রয় শিবিরে রোহিঙ্গা নারী, শিশু, তরুণ-তরুণী ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং এলাকা ঘুরে দেখেন।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ক্যাম্পগুলো পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে জাতিসংঘের প্রতিনিধি দলের এ সফর।
“প্রথমদিন রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেছেন, তথ্য সংগ্রহ করেছেন এবং ক্যাম্পের নানা কার্যক্রম স্বচক্ষে দেখেছেন। পরে তা তিনি রিপোর্ট আকারে জমা দেবেন।”
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউএনএইচসিআর-এর মুখপাত্র রেজিনা দ্যে লা পর্তিল্লা।
তিনি বলন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ। সব আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে সংকট সমাধানের উপায় খোঁজা হচ্ছে। জাতিসংঘ মনে করে প্রত্যাবাসন অবশ্যই টেকসই হতে হবে।
রেজিনা জানান, নোয়েলিন হেইজার চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখার জন্য।
