২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটার হাস এখন ‘বিএনপির নিরাপত্তা সম্পাদক’ হয়েছেন: হুইপ স্বপন

“আমাদের কি আবার আপনারা ফিলিস্তিনি বানাতে চান?”

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 11:06 PM

Updated : 05 Nov 2023, 10:49 AM

বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস এখন ‘বিএনপির নিরাপত্তা বিষয়ক সম্পাদকের’ দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

তিনি বলেছেন, “আমরা কি বুঝি না পেছনে আপনাদের ষড়যন্ত্র কী? আপনারা ফিলিস্তিনিদের... উৎখাত করেছেন।

“আমরা গরিব ছিলাম বলে তখন আমাদের লোকদেখানো দয়া দেখিয়েছেন। এখন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধনী হচ্ছি বলে আমাদের পছন্দ হয় না। আমাদের কি আবার আপনারা ফিলিস্তিনি বানাতে চান?” 

শনিবার বিকালে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সরকার থাকবে, এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করবে ইনশাআল্লাহ।” 

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মজিদ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা, আক্কেলপুর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম প্রমো।  

সভাস্থল থেকে স্বপন জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ৬৩টি গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং টিআর কাবিখা খাত থেকে ৪২৫টি গ্রামীণ গলিতে ইট বিছানো কাজের উদ্বোধন করেন।