২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস মালিকরা ‘সরকারের ইশারায়’ পুতুলের মতো নাচছে: বিএনপি

এর আগে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাস মালিকরা ‘সরকারের ইশারায়’ পুতুলের মতো নাচছে: বিএনপি

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সমাবেশের স্থান পরিদর্শন করেন বিএনপি নেতারা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 08:13 PM

Updated : 08 Nov 2022, 08:13 PM

বাস ও মিনিবাস মালিক সমিতির নেতারা ‘সরকারের ইশারায়’ পুতুলের মতো নাচছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারের সমালোচনা করে বলেন, “বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করা, জনসমাগম সংকুচিত করা এবং গণদুর্ভোগ সৃষ্টি করার জন্য বাস-মিনিবাস মালিক সমিতির নাম তারা ব্যবহার করেছেন। আর বাস-মিনিবাস মালিক সমিতিও সরকারের ইশারায় পুতুল নাচের মতো নাচছে।”

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সমাবেশের স্থান পরিদর্শন করেন বিএনপি নেতারা। এ সময় ফরিদপুরে গণসমাবেশের প্রধান সমন্বয়কারী জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

বিভিন্ন দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামী ১২ নভেম্বর ফরিদপুরেও গণসমাবেশ করবে বিএনপি। গতকাল সোমবার জেলা প্রশাসন থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

একইদিন ফরিদপুর জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া পূরণে তারা জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। এসব দাবি ১০ নভেম্বরের মধ্যে মানা না হলে ১১ তারিখ থেকে ৩৮ ঘণ্টার ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। 

অর্থাৎ দাবি না মানলে বিএনপির সমাবেশের আগের দিন থেকে এই ধর্মঘট শুরু হবে।

এর আগে খুলনা, ময়মনসিংহ, রংপুর ও বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগেও সেখানকার পরিবহন মালিক ও শ্রমিকরা একই দাবিতে বাস ধর্মঘট করেন। এতে দুদিন ধরে বাস বন্ধ থাকায় গণসমাবেশমুখী নেতাকর্মীদের পাশাপাশি চাকরিজীবী, চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়।

এসব প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির নেতা ডা. জাহিদ হোসেন বলেন, “বরিশালে বিভাগের গণসমাবেশের মতো ফরিদপুরের এই জনসমাবেশে সম্পৃক্ত হবে বৃহত্তর ফরিদপুরের মানুষ। সেই সঙ্গে নতুন ধারা সঞ্চারিত হবে আন্দোলনে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে যে আন্দোলনে শুরু হয়েছিল সেটা আগামী ১০ ডিসেম্বর তীব্র থেকে তীব্রতর হয়ে ঢাকা মহানগর সমাবেশের মাধ্যমে প্রথম অধ্যায় শেষ হবে।”

“১০ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণার মাধ্যমে নতুন ধারা সূচিত হবে রাজনীতিতে।”

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দীকি মিতুল উপস্থিত ছিলেন।

এর আগে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাহিদ হোসেন। সভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

দাবি না মানলে ফরিদপুরে ‘১১ নভেম্বর থেকে পরিবহন ধর্মঘট’
বিএনপির ফরিদপুরের সমাবেশ কোমরপুরে