২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও পাবনার ৩ নৌ-বন্দরে ট্রাক মালিকদের কর্মবিরতি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়লেও ট্রাক ভাড়া বাড়েনি; ট্রান্সপোর্ট দালালরা অতিরিক্ত ভাড়া আদায় করলেও তা ট্রাক মালিকদের দিচ্ছে না।

সিরাজগঞ্জ ও পাবনার ৩ নৌ-বন্দরে ট্রাক মালিকদের কর্মবিরতি

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাটে খালাসের অপেক্ষায় জ্বালানি তেলের ট্যাংকার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 01:13 AM

Updated : 29 Aug 2022, 01:13 AM

পরিবহন ভাড়া বৃদ্ধি ও দালালের নৈরাজ্য বন্ধের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি, পাবনার বেড়া ও নগরবাড়ি নৌ-বন্দরের মালামাল পরিবহন বন্ধ রেখেছেন ট্রাক মালিকরা।

রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু হয়েছে।

এ কারণে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সার ও সিমেন্ট পরিবহন বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি বাঘাবাড়ি প্রধান কার্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচ বাড়লেও ট্রাক ভাড়া বাড়েনি। ট্রাক বন্দোবস্তকারী শ্রমিকরা (ট্রান্সপোর্ট দালাল) পণ্যের মালিকদের কাছ অতিরিক্ত ভাড়া আদায় করলেও তা ট্রাক মালিকদের দিচ্ছে না।

এ অবস্থায় শাহজাদপুরের বাঘাবাড়ি, পাবনার বেড়া ও নগরবাড়ি নৌ-বন্দরের সব ট্রাক মালিকদের সমন্বয়ে গত ২৫ অগাস্ট জরুরি যৌথ সভা করা হয় জানিয়ে তিনি বলেন, সভার সিদ্বান্ত মোতাবেক ট্রাকে মালামাল পরিবহনের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্ট দালালদের নৈরাজ্য বন্ধের দাবিতে পাবনার বেড়া ও সিরাজগঞ্জের শাহজাদপুরের ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়।

“কিন্ত তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় রোববার ভোর থেকে মালামাল পরিবহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হচ্ছে।”

নৌ-বন্দরের জাহাজ থেকে মালামাল আনলোড বন্ধ থাকায় এ কাজে জড়িত বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।