ফেনীতে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান
এক বছর ধরে ফেইসবুকের মাধ্যমে ওমর ফারুকের সঙ্গে সম্পর্ক চলছে বলে এই তরুণী ভাষ্য।
ফেনীর পরশুরাম উপজেলায় বিয়ের দাবিতে ছয়দিন দিন ধরে এক প্রবাসীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী, যিনি নিজেকে ওই যুবকের প্রেমিকা বলছেন।
উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামে কাতার প্রবাসী মো. ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এক মাস আগে তিনি দেশে আসেন।
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই ছাত্রীর বাড়ি দাগনভূঞা উপজেলায়।
স্থানীয়দের ররাত দিয়ে চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোস্তফা বলেন, ৪ এপ্রিল দুপুরে ওই তরুণী তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফারুকের বাড়ি আসেন। বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করে ছেলে ও মেয়ের পরিবার।
“এতে মীমাংশা না হওয়ায় ওই তরুণী ফারুকের বাড়িতে ঢুকে যান। এ সময় ফারুকের পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে যান।”
ওই তরুণীর দাবি, গত এক বছর ধরে কাতারে থাকা অবস্থায় ফেইসবুকের মাধ্যমে মো. ওমর ফারুকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। প্রবাসে থাকা অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দিলেও দেশে এসে তিনি তা অস্বীকার করেন।
অজ্ঞাত স্থানে থাকায় অভিযোগের বিষয়ে ওমর ফারুক কিংবা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি। ফারুকসহ পরিবারের সবাই আত্মগোপনে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ফারুকের খোঁজ পেলে পরবর্তী ব্যবস্থা করা হবে। তবে বিষযটি থানার ওসিকে অবহিত করা হয়েছে।”
পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শনিবার রাত পর্যন্ত তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
