২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১২০ মিটার ‘স্পার বাঁধ’ যমুনার ভাঙনে বিলীন

গত ১৮ অক্টোবর থেকে বাঁধটিতে ধস দেখা দেয়।

সিরাজগঞ্জে ১২০ মিটার ‘স্পার বাঁধ’ যমুনার ভাঙনে বিলীন

বাঁধটির মাটির অংশে ভাঙন

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 07:21 PM

Updated : 21 Oct 2022, 07:57 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনার তীব্র ভাঙনে বিলীন হয়েছে ১২০ মিটার স্পার বাঁধ।

‘বেতিল স্পার বাঁধ-১’ এর অবস্থান উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া এলাকায়। গত ১৮ অক্টোবর থেকে সেটিতে ধস দেখা দেয়।

শুক্রবার পর্যন্ত বাঁধটির মাটির অংশের ১২০ মিটার নদীগর্ভে বিলিন হতে দেখা যায়।

বাঁধে ধস দেখা দেওয়ায় মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আজুগড়া এলাকা, সাবমেরিন কেবল লাইনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলী জমি হুমকির মুখে পড়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি-এনায়েতপুরকে যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০০০-০১ অর্থ বছরে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পূর্বপাশে বেতিল স্পার বাঁধ-১ ও ২ নির্মাণ করা হয়।

বাঁধ-১ এর মোট দৈর্ঘ্য ৯৫০ মিটার। এর মধ্যে ৮০০ মিটার মাটির তৈরি, বাকি ১৫০ মিটার অংশ আরসিসি। গত কয়েক দিনের ভাঙনে বাঁধটির মাটির অংশের প্রায় ১২০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়েছে। 

পুরোনো এ বাঁধটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা, আশপাশ থেকে বালু উত্তোলন এবং বালুবাহী ট্রাক বাঁধের ‍উপর দিয়ে চলাচল করার কারণে এটিতে ধস দেখা দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (পওর বিভাগ) মিল্টন হোসেন বলেন, “যমুনার পানি বাড়ায় ১৪ অক্টোবর থেকে বাঁধটিতে ধস দেখা দিয়েছে। ভাঙনরোধে শুরুতেই বালুর বস্তা ডাম্পিং করা হয়েছিল। তবুও ভাঙন নিয়ন্ত্রণ করা যায়নি। পানি কমে গেলে স্পারটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।”