নেত্রকোণায় জমির বিরোধে ছুরিকাঘাতে অটোচালক খুন
পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি জব্দ করেছে।
নেত্রকোণার পূর্বধলায় জমির বিরোধে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহত দুলাল মিয়া (৪৫) মঙ্গলবাড়ীয়া গ্রামের মৃত মনু শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি সাইফুল ইসলাম জানান, জমি বিরোধ নিয়ে আমজাদ আলীর ছেলে সোহেল মিয়ার সঙ্গে দুলাল মিয়ার বিরোধ চলে আসছিল। প্রায় দেড় বছর আগে এই বিরোধের জেরে হুমকি ও প্রাণের ভয়ে ঢাকা শহরে চলে যান দুলাল মিয়া।
ওসি জানান, পরিবারের লোকজন নিয়ে ঢাকা শহরে থেকেই রিকশা চালিয়ে আসছিলেন তিনি। গত ২৬ মার্চ বাড়িতে ফিরে দুলাল মিয়া দিনমজুরি করে জীবনযাপন করতে থাকেন।
“গতকাল [বুধবার] একটি অটোরিকশা কিনে আজ দুপুরে রিকশাটি চালানোর জন্য বের হন। এ সময় দুলাল মিয়ার ওপর হামলা হয়।”
ওসি জানান, তখন প্রাণ বাঁচাতে দৌড়ে বাজারের একটি চায়ের দোকানের সামনে যান দুলাল মিয়া। সেখানে কয়েকজন লোক দুলাল মিয়াকে ধরে পিটুনি দেয়। এক পর্যায়ে দুলাল মিয়াকে এলোপাথারি ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায় ওই লোকজন।
স্থানীয়রা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক বিশ্ব প্রিয় মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আমজাদ আলীর ছেলে সোলেমান মিয়াকে (১৯) আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
