মেহেরপুরে জামাতার হাঁসুয়ার কোপে শাশুড়ি নিহত
জামাতা আত্মহত্যার চেষ্টা করলে শাশুড়ি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জামাতা হাঁসুয়া নিয়ে কোপ দেন বলে পরিবারের ভাষ্য।
মেহেরপুরের গাংনী উপজেলায় জামাইয়ের হাঁসুয়ার কোপে শাশুড়ি নিহত হয়েছেন।
নিহত রঙ্গিলা খাতুন (৪৫) উপজেলার মাঠপাড়া করমদী গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী।
মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি নিহত হন বলে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।
রঙ্গিলার জামাতা বাদশা মিয়া একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে শ্বশুরবাড়িতে বাদশার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। শাশুড়ি মেয়ের পক্ষ নিলে রাগে-অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন বাদশা। শ্বশুরবাড়ির একটি গাছে দড়ি বেঁধে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। শাশুড়ি বাধা দিতে গেলে বাদশা হাঁসুয়া নিয়ে কোপ দেন। এতে শাশুড়ি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি রাজ্জাক বলেন, ঘটনার পর বাদশা পালিয়ে গেছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।
