সেতুর টোল চাওয়ায় পিটুনির অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
কুমারখালী উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা এ ঘটনা ঘটান বলে টোল আদায়কারী কর্তৃপক্ষের অভিযোগ।
কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে কুমারখালীর মীর মোশাররফ হোসেন সেতুর টোল চাওয়ায় কর্মীদের বেদম পিটুনির অভিযোগ উঠেছে ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে।
শুক্রবার সকালে ওই সেতু পার হওয়ার সময় টোল প্লাজায় কুমারখালী উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা এ ঘটনা ঘটান বলে টোল আদায়কারী কর্তৃপক্ষের অভিযোগ।
এ ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মারধরে আহত শাকিল, ডাবলু, বিটু, টগর, আলম ও বিল্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে টোল আদায়কারী কর্তৃপক্ষ জানিয়েছে।
অন্যদিকে ছাত্রলীগের দাবি, এ ঘটনায় তাদের কয়েকজন কর্মীও আহত হয়েছেন এবং তারাও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, বেলা ১১টার দিকে সেতুর টোল প্লাজায় দায়িত্বরত একজন কর্মী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে আরও ৩০/৪০টি মোটরসাইকেল এসে পৌঁছে ঘটনাস্থলে। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে আরোহী ছিলেন।
মোটরসাইকেল থেকে নেমেই টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের ওপর চড়াও হয় এবং লাঠিসোটা, কিল ঘুসিসহ মারধর শুরু করেন যুবকরা।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, টোল ঘরে আদায় করা অর্থ একটি গামলা থেকে তুলে নিচ্ছে এক যুবক। এ সময় সেখানে দায়িত্বরত একজনকে পেটানো হচ্ছিল।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া শহরে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে মোটরসাইকেল বহর নিয়ে যাচ্ছিলেন কুমারখালী উপজেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী।
টোলপ্লাজায় দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইক্রোডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ বলেন, বেলা ১১টার দিকে একটি মোটসাইকেলে আসা যুবককে থামানোর চেষ্টা করলে মোটরসাইকেলে থাকা যুবক টোল আদায়কারীর ওপর চড়াও হয়। পরপর আরও ৩০-৪০টি মোটরসাইকেলে আসা যুবকরা হামলা চালায় টোল আদায়কারীদের ওপর।
“এ ঘটনায় ছয় টোল আদায়কারী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ সময় ‘ছাত্রলীগের নেতাকর্মীরা’ টোল প্লাজায় রক্ষিত আদায়কৃত টাকা ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ ম্যানেজার শামীম আহমেদের।
হামলাকারীরা কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি শামীমের।
কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, “বিষয়টি শুনেছি। তবে আমার কর্মীদের ওপরও টোলপ্লাজার কর্মীরা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীও আহত হয়েছেন।”
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, “বিষয়টি শুনেছি; তবে ঘটনাটি একেবারেই ঠুনকো বা তুচ্ছ একটা ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
