২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পাউবো কর্মীকে মারধরের অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মামলার এজাহারে বলা হয়, বেলায়েতের কাছে ৫০ হাজার টাকাও দাবি করেছেন ওই সাংবাদিক।

শরীয়তপুরে পাউবো কর্মীকে মারধরের অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

হাসপাতালে চিকিৎসাধীন বেলায়েত হোসেন

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 02:47 PM

Updated : 10 Oct 2022, 02:54 PM

শরীয়তপুরে পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ককে মারধরের অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, রোববার বিকালে শরীয়তপুরের সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শরীয়তপুর জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল ও তার সহযোগী সুমন হাওলাদারসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

আহত বেলায়েত শরীয়তপুর সদর উপজেলা তুলাসার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সিকদারের ছেলে। হামলায় তার মাথা ফেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষার প্রকল্পের কাজ প্রায় ছয় মাস ধরে চলছে। রাজগঞ্জ এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘জামিল ইকবাল কনস্ট্রাকশন লিমিটেড’ বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করার কাজ করছে।

রোববার সেখানে দায়িত্ব পালন করছিলেন বেলায়েত। বেলা ৩টার দিকে সাংবাদিক বি এম ইশ্রাফিল ও তার সহযোগী সুমনসহ ৪/৫ জন সেখানে যান। জিওব্যাগে বালুর পরিমাণ ও নদীতে ডাম্পিং করার বিষয়ে তারা খোঁজ-খবর নেন। এ সময় বেলায়েতের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলায়েতকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় তারা।

বেলায়েতকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই ঢাকা নিয়ে যাওয়া হয়। বেলায়েতের কাছে ইশ্রাফিল ও সুমন ৫০ হাজার টাকাও দাবি করেছেন বলেও অভিযোগে বলা হয়।

বেলায়েতের বাবা আব্দুল হাই সিকদার সাংবাদিকদের বলেন, “আমার ছেলের সঙ্গে ইশ্রাফিল ও সুমনের কোনো বিরোধ ছিল না। শুনেছি সুমন বালু সাপ্লাই দিতে চেয়েছিল আর ইশ্রাফিল চাঁদা বাবদ ৫০ হাজার টাকা দাবি করেছিল। এগুলো না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা আমার ছেলেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। এখন আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, “শরীয়তপুর সদরের রাজগঞ্জ এলাকায় আমাদের একটি প্রকল্পের কাজ চলছিল। সেখানে গিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শরীয়তপুর জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল ও তার সহযোগী সুমন হাওলাদার প্রথমে চাঁদা চায়। পরে সরকারি কাজে বাধা দেয়।

“এ সময় বেলায়েত সরকারি কাজে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে তারা তাকে মারধর করে।”

এ ব্যাপারে ইশ্রাফিল ও সুমনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।