২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষের জেরে মৃত্যু, ৭ জনের যাবজ্জীবন

২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে ক্যারাম খেলার জের ধরে সংঘর্ষে নিহত হন জামাল উদ্দিন।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 06:54 PM

Updated : 20 Aug 2023, 07:20 PM

সুনামগঞ্জে ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (দ্বিতীয়) বিচারক ঝলক রায় এ দেন বলে জানান সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবীর রোমেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বাজিতপুর গ্রামের মতিন মিয়া, নুরুল হক, আনর আলী, আফতাব মিয়া, সিরাজ আলী, মংলা মিয়া এবং হেলাল।

২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে ক্যারাম খেলার জের ধরে সংঘর্ষে নিহত হন জামাল উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়েছে, বাজিতপুর গ্রামে সরকারি সড়কের পাশে একই গ্রামের মাসুক মিয়া ও হুসিয়ার আলীর মনোহারি দোকান ছিল। ঘটনার দিন বিকালে হুশিয়ার আলীর সঙ্গে মাসুক মিয়ার ক্যারাম খেলার বোর্ডের ঘুঁটি নিয়ে কথা কাটাকাটি হয়। এই জের হুশিয়ার আলী ও তার সহযোগী আসামিরা দলবদ্ধ হয়ে মাসুক মিয়া ও তার স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় আসামিরা মাসুক মিয়ার চাচা জামাল উদ্দিনের বুকে সুচালো অগ্রভাগযুক্ত কাঠের অস্ত্র ‘সুলফি’ দিয়ে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

পিপি খায়রুল কবীর রোমেন জানান, এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুর রউফ বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে বিচারক সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুজনকে এক মাস করে এবং তিনজনকে ৩ মাস করে কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় ৫ জন এজলাসে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।