ফরিদপুরের সিভিল সার্জনের চেয়ারে দশম শ্রেণির শিক্ষার্থী
কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য দেশের ৪০ জেলায় এমন উদ্যোগ নিয়েছে এনসিটিএফ।
ফরিদপুরের এক ঘণ্টার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করলো দশম শ্রেণির এক ছাত্রী।
মঙ্গলবার ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফরিদপুরের আয়োজনে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান পরিবর্তে প্রতীকি দায়িত্ব পালন করে ১৬ বছরের কিশোরী মনিরা আক্তার।
মনিরা ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার আনিছ খানের মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
ফরিদপুর এনসিটিএফের সহ-সভাপতি মোহাম্মদ তুষার আব্দুল্লাহ জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য আয়োজন করা হয়েছে। দেশের ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে।
দায়িত্বগ্রহণের পর মনিরা আক্তার বলে, একজন শিশু হিসেব এত বড় একটি দায়িত্ব পাওয়ায় সে গর্ববোধ করছে। ভবিষ্যতে সুযোগ পেলে জেলার হাসপাতালগুলোতে নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সে।
এছাড়া দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানায় এই শিক্ষার্থী।
দায়িত্ব পালনের সময় মনিরা জেলার হাসপাতালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা রাখার সুপারিশ করে।
সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান বলেন, “শিশুদের সুন্দর জীবন গঠনের জন্য সুস্বাস্থ্য অতি জরুরি। মনিরা আক্তারের সব সুপারিশ আমি আমলে নিয়ে বাস্তবায়ন করবো। ভবিষ্যতেও আমি এনসিটিএফ থেকে এরকম কার্যক্রম আশা করি।”
