খুলনায় ‘১০০ টাকার জন্য’ তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ
পুলিশ বলছে, হত্যায় জড়িতরা ইয়াসিনের পূর্ব পরিচিত; তাদের সবার বয়স ১৫ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
খুলনায় টাকার লেনদেনের জন্য এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর শেরে বাংলা রোডের ৩ নম্বর কাশেম সড়কে এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান।
নিহত ইয়াসিন আরাফাত (১৮) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের ওবায়দু রহমানের ছেলে। তিনি নগরীর কাশেমনগর এলাকায় মামার সঙ্গে থেকে সন্ধ্যাবাজারে মাছ বিক্রি করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে নিরালা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হান্নান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয় সাত-আটজন কিশোর ইজিবাইকে এসে ইয়াসিনকে প্রথমে ইট দিয়ে আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
“স্থানীয়রা গুরুতর আহত ইয়াসিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।”
পরিবারের সদস্যদের বরাতে ওসি হাসান আল মামুন জানান, ১০০ টাকার লেনদেন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে। কেউ বলছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যায় জড়িতরা ইয়াসিনের পূর্ব পরিচিত; তাদের সবার বয়স ১৫ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
