২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে এক টানে জালে ধরা ৯২ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

পটুয়াখালীর পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে সাগরে এসব মাছ জালে ধরা পড়ে বলে জানান জেলে।

সাগরে এক টানে জালে ধরা ৯২ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি

আড়তে ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 11:39 PM

Updated : 11 Jan 2024, 12:16 AM

সাগরে একবার জাল ফেলে চট্টগ্রামের এক জেলে বিভিন্ন আকারের ৯২ মণ ইলিশ তুলেছেন; যা ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রির খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে জেলে ফরিদ মাঝি মাছভর্তি ট্রলার নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরের ঝুমুর অ্যান্ড বাদ্রার্স নামের একটি আড়তে এলে ব্যবসায়ীদের মধ্যে সোরগোল শুরু হয়।

সেখানে নিলামের মাধ্যমে মাছগুলো ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানান জেলে ফরিদ মাঝি। দীর্ঘদিন পরে জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় খুশি জেলে ও ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের বলেন, “সমুদ্রে জালে কম বেশি ইলিশ ধরা পড়ছে। ফরিদ মাঝির জালে প্রচুর ইলিশ ধরা পড়ার খবর শুনেছি। এতে জেলেদের মধ্যে উৎসাহ যোগাবে।”

এখন সাগরে জেলেদের জালে বড় আকারের ইলিশ পাওয়া পাচ্ছে বলেও জানান তিনি।

ফরিদ মাঝি সাংবাদিকদের বলেন, এক সপ্তাহ আগে ১৭ জন মাঝি-মাল্লা ও রসদ নিয়ে চট্টগ্রাম থেকে এফবি মা জননী নামের ট্রলারে করে গভীর সাগরে মাছ ধরতে নামেন তারা।

মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে সাগরে জাল ফেলার পর টান দিলে এসব মাছ উঠে আসে বলে জানান তিনি।