২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ ছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 05:10 PM

Updated : 13 Sep 2022, 10:13 AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে আট বছর পর তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত; একইসঙ্গে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আজাদ রকিব আহমেদ তুরান জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চাঁনপুর গ্রামের জাকির খাঁ, মাহবুব খাঁ ও গাজী খাঁ। তিনজনই পলাতক।

রায় ঘোষণার সময় একই গ্রামের বাসিন্দা যাবজ্জীবনপ্রাপ্ত আমানত খাঁ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৬ অগাস্ট প্রতিপক্ষের হাতে খুন হন শরীফ খাঁ (৫০)। এ ঘটনায় তার স্ত্রী মাজেদা বেগম পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা পাঁচ আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেন। বিচার চলাকালে আসামি আমির খাঁ মারা যান।

রায়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী শাহ পরান চৌধুরী।