২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে অপহৃত এনজিওকর্মী ও রোহিঙ্গাকে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ২

অপহরণকারীরা দলছুট হয়ে পালানোর সময় দুই জনকে অস্ত্র ও গুলিসহ ধরে ফেলে পুলিশ ও স্থানীয়রা।

টেকনাফে অপহৃত এনজিওকর্মী ও রোহিঙ্গাকে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ২

পুলিশের হাতে গ্রেপ্তার অপহরণকারী দলের দুই সদস্য।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 02:35 PM

Updated : 22 Jul 2023, 06:03 PM

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এনজিওকর্মী ও এক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত দুই জনকে উদ্ধার করা হয়।

“অপহরণকারী দলটির সদস্যরা দলছুট হয়ে পালানোর সময় দুইজনকে অস্ত্র ও গুলিসহ ধরে ফেলে পুলিশ ও স্থানীয় গ্রামবাসী।”

গ্রেপ্তাররা হলেন, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোছেনের ছেলে মো. সেলিম প্রকাশ ছলিম (৩৩) ও একই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে মো. জসিম (১৯)। তাদের কাছ থেকে দুটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা ২টার পরে উপজেলার হ্নীলার জাদিমোরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা হয় এক এনজিও কর্মী এবং এক রোহিঙ্গাকে।

তারা হলেন, টেকনাফের হ্নীলার জাদিমোর এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (৫০) এবং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২০)।

হাসান এনজিও ফোরামের ক্যাম্পে পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন।

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে মেশিনে পানির তোলার সময় অপহরণকারীরা তাদের দুজনকে ধরে নিয়ে যায়।

“খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় বাসিন্দাকে সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরকারীদের আস্তানার খোঁজ পাওয়া যায়। অপহরণকারীরা আমাদের দেখে গহীন পাহাড়ের ভেতর থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও এসে অভিযানে যোগ দেয়।”

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখে স্থানীয়রা সেখানে অবস্থান নিয়েছে। এরপর তাদের সঙ্গে নিয়েই অভিযান চালানো হয়।

“অপহৃত দুই জনকে উদ্ধার করার সময় অপহরণকারীর দলটি পালিয়ে যায়। তখন পুলিশ ও স্থানীয় গ্রামবাসী দুই জনকে অস্ত্র ও গুলিসহ ধরে ফেলে।

“পরে ডাকাতদলের আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসার তৈরি জালের গুলতি (গুটি) এবং নীল রঙয়ের কাপড়ের ব্যাগ উদ্ধার হয়।”

অস্ত্র উদ্ধার এবং অপহরণের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন

পুরনো খবর:

টেকনাফে এনজিও কর্মী ও রোহিঙ্গা অপহরণ, নিয়ে গেছে গহীন পাহাড়ে