আশুলিয়ায় বাসায় শ্রমিকের ঝুলন্ত লাশ
তিনি ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ফার্নিচার কারখানার এক শ্রমিকের মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া মুসলিমটেক এলাকার বাসা থেকে সুমন মোল্লা নামের ওই শ্রমিকের লাশ উদ্ধারের খবর জানান আশুলিয়া থানার এসআই আসলামুজ্জামান।
২০ বছর বয়সী সুমন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার আহাদ মোল্লার ছেলে। তিনি জিরানী বাজার এলাকায় ফার্নিচার তৈরির কারখানা হাতিলের শ্রমিক ছিলেন।
সুমনের খালা সীমা আক্তার জানান, রাতের খাবার খেয়ে ঘরেই ছিল সুমন। সকালে তার মা রান্না করতে উঠে তাকে ডাকতে থাকে। কিন্তু দীর্ঘসময় সুমনের কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির ম্যানেজারকে খবর দেন। পরে ম্যানেজার থানায় জানালে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এসআই বলেন, “দরজা ভেঙে সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করি। তিনি ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা, এখনই বলা যাচ্ছে না। তার পরিবারও তেমন কিছু বলতে পারে নাই।”
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
