২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ‘প্রতারণার অভিযোগে শেকলে বেঁধে নির্যাতন’

নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 04:59 PM

Updated : 30 Aug 2022, 04:59 PM

রাজবাড়ীতে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে শেকলে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‘নির্যাতিত’ মিঠু মোল্লা (৩৩) পাবনার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের বাসিন্দা।

রাজবাড়ীর পাংশা থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পাংশা পৌরসভার সত্যজিৎপুর এলাকার শহীদ শেখের বাড়ি থেকে মিঠুকে উদ্ধার করে পুলিশ।

মিঠুর বিরুদ্ধে বিভিন্ন মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে জানিয়ে ওসি বলেন, “মিঠু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। শহীদ শেখের কাছ থেকেও টাকা নিয়েছেন মিঠু।

“রোববার মিঠুকে ধরে নিয়ে আসেন শহীদ শেখ ও তার ছেলেরা। পরে শহীদ শেখের ঘরের বারান্দায় বাঁশের খুঁটির সঙ্গে পায়ে শেকল পরিয়ে তালাবদ্ধ করে রাখেন তারা। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে মিঠুকে উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটকও করেছে পুলিশ।”

নির্যাতনের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি বলেন, “একই সঙ্গে নির্যাতনের শিকার মিঠুর বিরুদ্ধে কেউ প্রতারণার মামলা করতে চাইলে সেই মামলাও নেওয়া হবে।”