দুর্গাপূজা: মহালয়ার সূচনালগ্নে ফরিদপুরে নৃত্যনাট্য ও ঢাক উৎসব
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল একসঙ্গে ১২টি ঢাকের বাদন। ঢাকের ছন্দময় শব্দে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন মহালয়া উপলক্ষে ফরিদপুরে প্রথমবারের মতো ব্যতিক্রমী নৃত্যনাট্য ও ঢাক উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় শহরের নিলটুলী আইডিয়াল ক্লাবের উদ্যোগে ফরিদপুর সার্বজনীন পূজা সমিতি মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। শিশু-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সি মানুষ এতে অংশ নেন এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। এ সময় চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার ধর্মীয় আবহ তৈরি হয়। পরে নৃত্যনাট্য পরিবেশনা ও ঢাকের তালে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল একসঙ্গে ১২টি ঢাকের বাদন। ঢাকের ছন্দময় শব্দে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানানো হয়।
মহালয়ায় নৃত্যনাট্য ও ঢাক উৎসবের আয়োজক বন্ধুকিশোর ব্রহ্মচারী বলেন, মহালয়াকে কেন্দ্র করে দেবী দুর্গার আগমনকে স্বাগত জানাতে এ ঢাক উৎসবের আয়োজন করা হয়েছে। ধর্মীয় আবহ, ঐতিহ্যবাহী ঢাকের বাদন ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে এ আয়োজন দুর্গোৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিবে।
আয়োজক সদস্য সুমধুরানন্দ মহারাজ বলেন, মহালয়ার এই বিশেষ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।
