শরীয়তপুরে সাংবাদিককে ‘প্রাণ নাশের হুমকি’ প্রধান শিক্ষকের
হুমকি দিয়েছেন কিনা জিজ্ঞেস করা হলে প্রান শিক্ষক বলেন, “আমার মাথা ঠিক ছিল না। তাই বলে ফেলছি।”
শরীয়তপুরের দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে।
জেলার ডামুড্যা পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে ডামুড্যা থানায় এই জিডি করেন ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান।
বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌননিপীড়নের সংবাদ সংগ্রহের চেষ্টা করায় তাকে এই হুমকি দেওয়া হয় বলে জিডিতে অভিযোগ করেন তিনি।
যৌননিপীড়নের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
আশিকুর রহমান বলেন, সম্প্রতি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিকান্ত মিস্ত্রি সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌননিপীড়ন করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। সে বিষয়ে গত ১৬ অগাস্ট সংবাদ সংগ্রহ করতে যান দৈনিক যায়যায়দিন পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন ও আশিকুর রহমান।
“প্রধান শিক্ষক সুজিত কর্মকার এ বিষয়ে কোনো তথ্য দিতে পারবেন না বলে জানান। তখন আমরা ফিরে যাই। তার কিছুক্ষণ পর প্রধান শিক্ষক সুজিত কর্মকার আমার মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। আমাদের দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ের ২ মিনিট ৯ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।”
আশিকুর রহমান বলেন, “প্রাণনাশের হুমকি পেয়ে এখন আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে সংকিত। নিরাপত্তা চেয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় জিডি করেছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রধান শিক্ষকের অডিওবার্তা শুনেছেন বলে জানিয়েছেন ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন।
শিক্ষা কর্মকর্তা বলেন, “শিক্ষক হয়ে মানুষের সঙ্গে এ রকম ভাষায় কথা বলা উচিত হয়নি।”
প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে অডিওতে বলতে শোনা যাচ্ছে, তিনি ওই সাংবাদিককে ধরে নিয়ে পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন।
যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক অডিওর কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার মাথা ঠিক ছিল না। তাই আমি বলে ফেলছি।”
জিডিতে উল্লেখকৃত অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডামুড্যা থানার ওসি শরিফ আহম্মেদ।
অপরদিকে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা সহকারী শিক্ষক রথিকান্ত মিস্ত্রিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রধান শিক্ষক সুজিত কর্মকার জানিয়েছেন। ঘটনা তদন্তের জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য আলমগীর হোসেন মোল্লাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তবে সহকারী শিক্ষক রথিকান্ত মিস্ত্রি অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমি এ ধরনের ঘটনা ঘটাইনি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার মাত্র।”
