বরিশালে স্কুল থেকে ফেরার পথে ট্রলি চাপায় গেল ছাত্রীর প্রাণ
স্কুল ছুটির পর সহপাঠীর সঙ্গে বাড়ি ফেরার পথে ইটবোঝাই একটি ট্রলি সামনে থেকে তুবাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
বরিশালের উজিরপুর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রলিটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাকরাল এলাকার আ. রহমান হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।
নিহত নুসরাত জাহান তুবা (১১) উপজেলার পরমানন্দ সাহা এলাকার বাসিন্দা সোহরাব হাওলাদারের মেয়ে। সে সাকরাল আব্দুল মজিদ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পরিদর্শক তৌহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল ছুটির পর সহপাঠীর সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেয় তুবা। পথে উজিরপুর থেকে মশাং এলাকাগামী ইটবোঝাই একটি ট্রলি সামনে থেকে তুবাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার পর পরমান্দশাহ গ্রামের বাসিন্দা ট্রলিচালক কালাম হাওলাদার (৩০) পালিয়ে গেলে স্থানীয় জনতা ট্রলিটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে জানান তিনি।
জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রলির আগুন নেভায়।
মরদেহ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পরিদর্শক তৌহিদুজ্জামান জানান।
স্থানীয়রা জানান, কালাম স্থানীয় বাসিন্দা হওয়ায় বেপরোয়া গতিতে সড়কে ট্রলি চালাতেন। তাকে বার বার নিষেধ করলেও কোনো ভ্রূক্ষেপ করত না। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
ট্রলি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ।
