হরেক রঙের পদ্মে সেজেছে কাউনিয়ার পদ্মবিল
স্থানীয়রা বলছে, বিলটিতে পানি না থাকায় পদ্মর মত অনেক জলজ উদ্ভিদ দিন দিন অস্তিত্ব সংকটে পড়ছে।
লাল সাদা আর গোলাপী পদ্মের অপরূপ সাজে সেজেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বেতানি গ্রামের ‘পদ্মবিল’। পদ্মের এ সৌন্দর্য উপভোগ করতে ফুল প্রেমিকরা দুরদুরান্ত থেকে ছুটে আসছেন এখানে।
কাউনিয়া উপজেলার বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম-ঢাকা মহাসড়কের কোল ঘেঁষে অবস্থিত পদ্মবিল বা বেতানির বিল। রংপুর জেলা শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এ বিল বেশি পরিচিত ‘পদ্মবিল’ নামে।
স্থানীয়রা জানান, প্রতি বছরই বিলের অধিকাংশ অংশে প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে। পুরো বিল লাল, গোলাপী আর সাদা রঙের পদ্মফুলে ভরে ওঠে। এযেন বিধাতার এক অপরূপ সৃষ্টি, যা দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। পদ্মবিলের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা আসেন। যে যার মতো করে বিলের সৌন্দর্য উপভোগ করেন আর ক্যামেরায় বন্দি করে রাখেন। বাংলা বছরের বৈশাখ থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত বেতানির পদ্ম বিলে ফুল থাকে। তাছাড়া রংপুর কুড়িগ্রাম ঢাকা সড়কে ছুটে চলা গাড়ির আরোহীরা প্রতিদিনই চলতি পথে পদ্মের সৌন্দর্যে চোখ জুড়িয়ে নিচ্ছেন।
রংপুর শহর থেকে পদ্মবিলে ঘুরতে আসা কোহিনূর আক্তার কেয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর বর্ষা মৌসুমে পরিবার-পরিজনের সঙ্গে পদ্মবিলে ঘুরতে আসি। এ বিলের সৌন্দর্য দেখার মতো। এখানে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায়। ফুলের সমারোহ আর এমন প্রাকৃতিক পরিবেশ মনকে বিমোহিত করে তোলে।”
পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে আসা আতিক উল আলোম কল্লোল জানালেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মবিল ঘুরতে আসেন। এ বিলের সৌন্দর্য দেখার মতো। এখানে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায়।
ফুল বিক্রি করে সংসার চলে স্থানীয় নাবিব নামের এক শিশুর। সে জানায়, এই পদ্ম ফুল ফুটলে তাদের দিন ভালো যায়। প্রতিদিন দুইশত থেকে পাঁচশত টাকার ফুল বিক্রি করে। স্কুলের খাতা, কলম, জামাকাপড় কিনতে সুবিধা হয়।
পদ্মবিল পাড়ের বাসিন্দা বিকাশ চন্দ্র বলেন, “বিভিন্ন জেলা থেকে মানুষ এ বিলের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। রাস্তায় দাঁড়িয়ে থেকে উপভোগ করেন এর অপরূপ সৌন্দর্য। তবে বিলটিতে পানি না থাকায় দিন দিন অস্তিত্ব সংকটে পড়ছে পদ্মর মত অনেক জলজ উদ্ভিদ।”
শহিদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিলটি প্রকৃতিগতভাবেই অনেক সুন্দর। তবে এটি নিয়ে এখনও তেমন কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। উপজেলা চেয়ারম্যান ও এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে দেখব কিছু করা যায় কি না।”
