২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পরীক্ষার হলে ফোন নিয়ে অবস্থান, চার শিক্ষককে প্রত্যাহার

ওই চার শিক্ষকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ ব্যাখ্যা করে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

কুমিল্লায় পরীক্ষার হলে ফোন নিয়ে অবস্থান, চার শিক্ষককে প্রত্যাহার

বরুড়ার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 08:32 PM

Updated : 17 Sep 2022, 09:06 PM

কুমিল্লার বরুড়া উপজেলার এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে অবস্থান করায় চার শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চার শিক্ষককে ইউএনওর নির্দেশে প্রত্যাহার করা হয় বলে জানান কেন্দ্র সচিব মোহাম্মদ উল্ল্যাহ।

ওই চার শিক্ষক হলেন- উপজেলার মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, শীলমুড়ি রাজ রাজেশ্বরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে ও হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান সাঈদ।

কেন্দ্র সচিব জানান, শনিবার এসএসসির বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের দুই ও ছয় নম্বর কক্ষে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা চার শিক্ষক মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। নিয়ম অনুযায়ী সেগুলো জমা দেওয়ার কথা থাকলেও তারা মোবাইল ফোন নিজেদের সঙ্গে রেখেই পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি বরুড়ার ইউএনও সাবরিনা আফরিন মুস্তফাকে জানালে ওই চার শিক্ষককে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

তিনি আরও জানান, ওই চার শিক্ষকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ ব্যাখ্যা করে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

ইউএনও সাবরিনা আফরিন মুস্তফা বলেন, “আমরা প্রতিটি কেন্দ্রের খোঁজ-খবর রাখছি। হলে কোনো অনিয়ম ও অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, একই দিন নকল করার দায়ে ওই কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।