রাজবাড়ীতে হেরোইন বহনের দায়ে নারীর যাবজ্জীবন
২০১৭ সালে ৪৪ গ্রাম হেরোইনসহ স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজবাড়ীতে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মাৎ জাকিয়া পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) মো. উজির আলী শেখ।
দণ্ডিত স্বপ্না আক্তার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি উজির আলী শেখ বলেন, ২০১৭ সালের ১০ জুলাই রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ৪৪ গ্রাম হেরোইনসহ স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বলেন, পরে পুলিশ তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠায়। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে বুধবার আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামি স্বপ্নাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
