ভাসমান ট্রলার থেকে ৯৯৯ নম্বরে ফোন, ১৯ জেলে উদ্ধার
এমভি কমলা নামের ট্রলারটি ২৭ অগাস্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসছিল।
ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চারদিন ধরে ভাসতে থাকা ট্রলার থেকে জরুরি ফোন পেয়ে ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন এলাকা থেকে তাদের জীবিত উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান।
উদ্ধার হওয়া ট্রলার 'এমভি কমলা' চট্টগ্রামের কালুরঘাট এলাকার বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ২৫ অগাস্ট 'এমভি কমলা' নামের ট্রলারটি চট্টগ্রামের কালুরঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ২৭ অগাস্ট গভীর সাগরে যাওয়ার পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।
“মঙ্গলবার দুপুরে ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এতে ট্রলারে থাকা জেলেরা জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে অবহিত করে।” পরে কোস্ট গার্ডের নিয়মিত টহলে থাকা জাহাজ ‘কুতুবদিয়াকে’ বিষয়টি অবগত করা হয় বলে তিনি জানান।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ ‘কুতুবদিয়ার’ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে দ্রুত বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
“বিকাল সোয়া ৩টায় ফিশিং ট্রলারসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।"
খন্দকার মুনিফ তকি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফিশিং ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ফিশিং ট্রলারটিসহ জেলেদের চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
