২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের পর থেকেই শীতজনিত রোগ বেড়েছে; তীব্র ঠাণ্ডায় কাজে বের হতে কষ্ট হচ্ছে দরিদ্র মানুষের।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 04:05 PM

Updated : 16 Dec 2022, 04:11 PM

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত; শুক্রবার জেলায় এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, শুক্রবার ও বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল বাতাস থাকায় সারাদিনই তীব্র শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা নেমে এসেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

এই মৌসুমে প্রথম বারের মতো তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

এদিকে তীব্র শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শুক্রবার সকালে কাজের সন্ধানে শহরের শহীদ হাসান চত্বরে আসা দিনমজুর রহিম আলী বলেন, “খুব শীত নাগছে; কষ্ট হচ্ছে। কিন্তু কাজ তো করতি হবে। এজন্যি এয়েচি।”

শহরের চৌরাস্তা মোড়ের সোনালী ব্যাংকের সামনের একটি চায়ের দোকানে বসে চুলার আগুন পোহাচ্ছিলেন ভ্যানচালক আজিবার আলী। তিনি বলেন, “দুদিন ধরে শীত খুবই বেশি। হাওয়া হচ্ছে, এজন্যই শীত বেশি লাগছে। রাস্তায় মানুষও কম। যাত্রি পাওয়া যাচ্ছে না।”

চুয়াডাঙ্গার সামাজিক সংগঠনের কর্মী ইলিয়াস হোসেন বলেন, “রাতে কুয়াশা থাকছে। তবে দিনে কুয়াশা কম। রাতে কখনো কখনো কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। “

বৃহস্পতিবার রাত ৯টায় শহর ঘুরে দেখা গেছে, শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় মানুষ চলাচল কমে গেছে। যারা বাইরে ছিলেন তাদের সবার শরীরে গরম কাপড় জড়ানো ছিলো।

হাতে গোনা দু-একটি যানবাহন দেখা গেলেও রাস্তায় মোটরসাইকেল ছিলো খুবই কম। মোটরসাইকেলে শীত বেশি অনুভূত হয় এ কারণেই সন্ধার পরপরই তা কমে গেছে বলে মনে করেন অনেকে।

এদিকে চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের পর থেকেই শীতজনিত রোগ বেড়েছে। হাসপাতাল গুলোতে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। বয়স্করা ঠাণ্ডাজনিত নানা রোগে এবং শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে; সঙ্গে বেড়েছে ডায়রিয়াও।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীতে ভর্তি হওয়ায় তীব্র শীতে বাইরের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে অনেককে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম বলেন, “ডায়রিয়া ওয়ার্ডে ৩০ থেকে ৪০ এবং শিশু ওয়ার্ডে ২৫ থেকে ৩৫ জন নতুন রোগী আসছে প্রতিদিন। এ অবস্থা বেশ কয়েকদিন ধরে চলছে। বর্হিবিভাগেও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান খোকন বলেন, “আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হতে হবে। শিশুদের কোনো ভাবেই বেশি ঠাণ্ডা লাগতে দেওয়া যাবে না। বাইরের খাবার কিংবা সকালের তৈরি খাবার দুপুর বা বিকেলে খাওয়ানো যাবে না। পানি ফুটিয়ে পান করাতে পারলে ভাল।

অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেন এ চিকিৎসক।

এদিকে কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে মাঠে ফসলের ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতিতে আলু গাছে রোগবালাই দেখা দেওয়ার ভয় থাকে। তাই ক্ষেত ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন কৃষিবিদরা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা বলেন, কুয়াশার কারণে আলুতে রোগ দেখা দেওয়ার ভয় থাকে। এ জন্য কৃষককে সতর্ক থাকতে হবে। কৃষিবিভাগের পরামর্শ নিতে হবে।