নোয়াখালী মেডিকেলে নিয়োগ পরীক্ষা স্থগিতে প্রার্থীদের বিক্ষোভ, অবরোধ
নিয়োগ পরীক্ষা শুরুর আগে দেওয়া স্থগিতের নোটিসে অনিবার্য কারণের কথা বলা হলেও তা স্পষ্ট করা হয়নি।
নোয়াখালীতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে একটি নিয়োগ পরীক্ষা পূর্ব ঘোষণা ছাড়া স্থগিত করায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নিয়োগপ্রার্থীরা।
শুক্রবার কলেজের ফটকে এ ঘটনা চলাকালে কলেজের নিরাপত্তা প্রহরীদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থতি এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিয়োগ পরীক্ষা শুরুর আগে পরীক্ষা স্থগিতের নোটিসে অনিবার্য কারণ দেখালেও তা স্পষ্ট করা হয়নি।
পুলিশ ও পরীক্ষার্থীরা জানিয়েছেন, শুক্রবার সকালে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে তৃতীয় শ্রেণির চারটি পদে জনবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্যে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষর্থীরা কলেজের প্রধান ফটক বন্ধ রেখে প্রহরীদের অবস্থান এবং পাশে পরীক্ষা স্থগিতের নোটিশ দেখতে পান।
এ সময় পরীক্ষার্থীরা কলেজের ভেতরে যেতে চাইলে নিরাপত্তা প্রহরীদের বাধার মুখে পড়েন।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, ভেতরে ঢুকতে না পেরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে পরীক্ষার্থীরা নোয়াখালী-কুমিল্লা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে যানবাহন চলাচলে অবরোধ সৃষ্টি করেন।
“এ সময় কলেজের নিরাপত্তা প্রহরীদের সঙ্গে পরীক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।”
পরীক্ষার্থীরা জানিয়েছেন, কলেজের তৃতীয় শ্রেণির চারটি পদ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মেসি), ডেটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার পদে দেশের বিভিন্ন জেলা থেকে ৮শ পরীক্ষার্থী দরখাস্ত করেন। সকালে এসে দেখেন বিভাগীয় নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা স্থগিতের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
বরগুনা থেকে আসা ফাহিম হোসেন ও রংপুর থেকে আসা তাহমিনা আক্তারসহ বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, গতকালও তাদেরকে মোবাইল ফোনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। সে অনুযায়ী পরীক্ষা হলে আসন বিন্যাসের তালিকা টানানো হয় কলেজের প্রধান ফটকের সামনে।
সকাল ১০টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও এর কিছুক্ষণ আগে ফোনে স্থগিতের বার্তা পাঠানো হয় বলে তারা জানান।
কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালামের নেতৃত্বে পাঁচ সদস্যের নিয়োগ কমিটি রয়েছে।
কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামান্না মাহমুদ জানান, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিস্তারিত জানার জন্য তিনি অধ্যক্ষকে ফোন দিতে বলেন তিনি। তবে অধ্যক্ষের ফোন বন্ধ পাওয়া গেছে।
কমিটির অপর সদস্যরা হলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (প্রশাসন-৩) রাহেলা রহমত উল্লাহ, নোয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সোহরাব হোসেন ও মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, আকষ্মিক পরীক্ষা স্থগিতের খবরে বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
