সাতক্ষীরায় প্রাইভেট কারের ধাক্কায় কাঠমিস্ত্রী নিহত
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে প্রাইভেট কারের ধাক্কায় এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন; এ সময় জনতা সড়ক আটকে বিক্ষোভ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার দুপুরে বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি এস এম কাইয়ূম জানান।
নিহত সাইফুল ইসলাম (৩৭) সদর উপজেলার বকচরা গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে।
এ ঘটনায় প্রাইভেট কারের চালক সুজন শেখকে (৩৬) আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বকচরা গ্রামের আবুল বাশার বলেন, বুধবার দুপুরে সাইকেল চালিয়ে বড় বাজারে যাচ্ছিলেন কাঠমিস্ত্রী সাইফুল। পথে তিনি এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পিছন থেকে প্রাইভেটকারটি সাইফুলকে জোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জনতা গাড়ির চালক সুজনকে আটক করে পুলিশে দেয়।
সাতক্ষীরা সদর ওসি কাইয়ূম জানান, প্রাইভেট কারটি জব্দ করে চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিক্ষোভরত জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
দুর্ঘটনা কবলিত গাড়িটি সাতক্ষীরা বিজিবির-১৭ নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলামের। গাড়িতে তার স্ত্রী ছিলেন।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম বলেন, “অসাবধানতায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রাইভেট কারে আমার স্ত্রী ছিলেন। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে।“
