২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের জলিপাড় আশ্রয়ণকেন্দ্রে মানবেতর জীবন

যাদের সামর্থ আছে তারা তাদের ঘর মেরামত করে নিয়েছে। যাদের সামর্থ নেই তারা জরাজীর্ণ ঘরেই বসবাস করছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 01:06 PM

Updated : 11 Feb 2023, 01:14 PM

শীতে ভাঙা বেড়া ও চাল দিয়ে ঘরে বাতাস ঢোকে। বর্ষায় চাল গড়িয়ে বৃষ্টির পানি পড়ে ঘরের মধ্যে; সে পানি মেঝের কাঁচা মাটিতে মিশে কাদার সৃষ্টি হয়। গরমে তীব্র সূর্যের তাপে ত্রাহি দশা।   

এভাবেই মানববেতর জীবন কাটছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিপাড় আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দাদের। দ্রুত ঘরগুলো সংস্কার করে দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা।

১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ আশ্রয়ণকেন্দ্রে ২৫টি টিনের সেড নির্মাণ করা হয়। যার প্রতিটি সেডে দশটি করে মোট ২৫০টি পরিবার বসবাস করছে।

ঘর জরাজীর্ণ হলেও এর মায়া কাটাতে পারেননি ৬০ বছর বয়সী নিহার বেগম। জলিপাড় আশ্রয়ণকেন্দ্রের ওই ঘরেই তার কেটেছে ২৩ বছর। তিনি আশা করেন, আশ্রয়কেন্দ্রটির ২৫০টি পরিবারের এই দুঃখ-দুর্দশা লাঘবে সরকার পদক্ষেপ নেবে।

নিহার বেগম বলেন, “বৃষ্টি হলে ঘুমানো যায় না; রাত জেগে বৃষ্টির পানি নিষ্কাশন করতে হয়। কাঁচা মাটির ফ্লোরে পানি পড়ে কাদার সৃষ্টি হয়। গরমকালে সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকে পড়ে, কখন গরমে টেকা যায় না। 

পরিবার পরিজন নিয়ে এই আশ্রয়ণকেন্দ্রের একটি ঘরে ২৩ বছর কাটিয়ে দিলাম। কিন্তু ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় এখানে আর থাকা যায় না।”

এমন অবস্থা আশ্রয়ণকেন্দ্রের অধিকাংশ ঘরের বলে জানান নিহার।

ওই আশ্রয়ণকেন্দ্রের প্রবীণ বাসিন্দা ৬৫ বছর বয়সী সূর্য্য শেখ বলেন, এখানে ২৫টি টিনের সেডে ১০টি করে পরিবার বসবাস করছে। সেডের প্রতিটি রুমের আয়তন ৪২ ফুট বাই ১৮ ফুট। এখানে মোট ২৫০টি পরিবার থাকছে।

টিন সেডের এই ঘর গুলিতে ভিত্তি পাকা করে দেওয়া হলেও মেঝে কাঁচা মাটির। দীর্ঘ ২৩ বছরেও এই সেডগুলো মেরামত করা হয়নি। তাই অনেক সেড জরাজীর্ণ হয়ে পড়েছে।

তিনি আরও জানান, যাদের সামর্থ আছে তারা তাদের ঘর মেরামত করে নিয়েছে। যাদের সামর্থ নেই তারা জরাজীর্ণ ঘরেই বসবাস করছেন। ৫/৬টি পরিবার ভাঙা ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। আর ২/৩টি পরিবার এসব ঘর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন।

আশ্রায়ণকেন্দ্রর প্রবীণ বাসিন্দা ৬৫ বছর বয়সী কুটি মিয়া শেখ বলেন, আশ্রয়ণকেন্দ্রের উঠান ও ঘর ঘেঁষে জলিরপাড়-সিন্ধিয়াঘাট সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করেছ। এতে শিশুরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছে।

“আশ্রয়ণকেন্দ্রের পেছনের দিকে বিশাল সরকারি জায়গা পড়ে রয়েছে। ওই জায়গা দিয়ে নতুন সড়ক নির্মাণ করা হলে আমাদের বাসিন্দারা সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে। শিশুরা নিরাপদে আশ্রায়ণ কেন্দ্রের উঠানে খেলাধূলা করতে পারবে।“

মো. শহিদ শেখ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্প-০২ বাস্তবায়ন করেছেন। ওই আশ্রয়ণের ঘরগুলো খুব সুন্দর হয়েছে। ওই আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দারা ভালভাবে জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্রয়ণকেন্দ্রটিও সংস্কার করে বসবাসের উপযোগি করে দেবেন। এটাই আমাদের প্রত্যাশা।”

আশ্রয়ণ কেন্দ্রের ৫৫ বছর বয়সী মর্জিনা বেগম জানান, স্যানিটারি ল্যাট্রিনগুলো নষ্ট হয়ে গেছে। ২৫টি টিউবওয়েলের মধ্যে ১০টি অকেজ। কমিউিনিটি সেন্টার তিনটি ভেঙে গেছে। জলিরপাড় ইউনিয়নের নতুন চেয়ারম্যান রনি হক মসজিদের দুটি নতুন ভবন করে দিয়েছেন।

মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম বলেন, গত ২৩ বছরে মধ্যে ওই আশ্রয়ণকেন্দ্রে কোনো সংস্কার হয়নি। আশ্রয়ণকেন্দ্রের ৭০ ভাগ টিন নষ্ট হয়ে গেছে।

“পাঁচ বছর আগে এটি সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। কিন্তু ওই অর্থ প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় আশ্রয়ণকেন্দ্র সংস্কার না করেই টাকা ফেরত দেওয়া হয়।”

সংস্কারের অভাবে ২৫০টি পরিবার মানবেতর জীবনযাপন করছে জানিয়ে তিনি বলেন, “আমরা সেডগুলো সংস্কার করার জন্য দুই বছর আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাবণা পাঠিয়েছি। কিন্তু এখনও কোনো বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলেই সংস্কার করে দেওয়া হবে।”