লোড শেডিংয়ের কঙ্কাল ‘নাচানাচি করছে নৌকায়’: রিজভী
“উন্নয়ন কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে না থাকলে এমন পরিস্থিতি তৈরি হয়,” মন্তব্য করেন তিনি।
বিদ্যুতের লোড শেডিংয়ের ‘কঙ্কাল’ এখন ‘জীবন্ত হয়ে নৌকার ওপরে নাচানাচি’ করছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রাজধানীতে লোড শেডিং পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, ‘‘আজকে আমি যখন বাসা থেকে আসছিলাম তখন মোহাম্মদপুর, ধানমণ্ডি সব খানে লোড শেডিং চলছে। ভয়াবহ লোড শেডিং চলছে।”
‘‘এটা (লোড শেডিং) তো ওরাই (সরকার) বলেছে যে, এটাকে না কি জাদুঘরে নিয়ে গেছে। কিন্তু জাদুঘরে থাকা লোড শেডিংয়ের কঙ্কাল জীবন্ত হয়ে এখন নৌকার ওপর নাচানাচি করছে। এই বিষয়টা নিশ্চয়ই আপনারা এখন দেখছেন।”
উন্নয়ন কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে না থাকলে এমন পরিস্থিতি তৈরি হয় মন্তব্য করে রিজভীর অভিযোগ, ‘‘ওদের (সরকার) মূল টার্গেট ছিল জনগণের টাকাটা মেরে দেবে, লোপাট করবে এবং নিজেদের লোকগুলো নিজেদের কোম্পানিগুলোকে তারা লাভবান করাবে। এই কারণেই তারা বিদ্যুৎ খাতে দুর্নীতি করার জন্য ইনডেমনিটি দিয়েছে আইন করে। এই আইন করার মধ্য দিয়ে বোঝা যায় যে, তারা এটাতে লুটপাট করবে, তারা চুরি করবে।”
“সেটার কারণেই আজকে বিদ্যুতের চেহারাটা বেরিয়ে এসেছে লোড শেডিংয়ের মধ্য দিয়ে।”
‘বিভ্রান্তি তৈরিতে ইসি’
বিফ্রিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিবের অভিযোগ বর্তমান নির্বাচন কমিশন ‘বিভ্রান্তি তৈরি করার কথা বলছে ও অসত্য কথা বলছে’। তার ভাষ্য, “শেখ হাসিনার যে এজেন্ডা, যে নীল নকশা, বেসিক্যালি সেই নীল নকশা দিয়ে তারা হাঁটছেন। হেঁটে প্রধানমন্ত্রী যেটা চায় সেটাই তিনি (সিইসি) ফাইনালি করবেন।”
তিনি নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “একেবারে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তারা নির্বাচন কমিশন করবেন তার অধীনেই বিএনপি নির্বাচন করবে। দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের আগ্রহ বা ইচ্ছা সেরকম নির্বাচন। তা না হলে সঠিক, স্বচ্ছ, অংশগ্রহমূলক নির্বাচন হবে না।’’
সরকারি প্রচার মাধ্যমগুলোকেও সরকার আওয়ামী লীগের ‘দাফতরিক প্রচারযন্ত্রে’ পরিণত করেছে অভিযোগ করে বলেন, “বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি প্রতিদিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট সম্প্রচারিত অনুষ্ঠানমালায় শেখ হাসিনা ও মরহুম শেখ মুজিবর রহমানকে নিয়ে মোট ৯ বার কোনো কোন অনুষ্ঠান প্রচার করা হয়।“
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের ‘ফ্যাসিবাদী’ নীতির কারণেই জনগণের টাকায় পরিচালিত চ্যানেলটি লোকসান দিয়ে চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
‘নিপুণের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা’
দক্ষিণ কেরানীগঞ্জে প্রতিমা বিসর্জনের সময়কার অপ্রীতিকর ঘটনা তুলে ধরে রিজভী বলেন, ‘‘গত বুধবার রাতে দুর্গাপূজা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময়ে তুচ্ছ ঘটনার জেরে র্যাব সদস্যদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগারদের তর্ক-বিতর্ক হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী ক্যাডাররা সড়ক অবরোধ করে বলে যে, র্যাবের সদস্যরা ক্ষমা না চাইলে তারা প্রতিমা বিসর্জন হতে দেবে না। তারা ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং হিন্দু সম্প্রদায়ের রীতি পালনে বাধা ও ভয়ভীতির সৃষ্টি করে। এটা হচ্ছে ঘটনা।
‘‘ উল্টো তারা বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে জিডি করেছে, অসত্য অভিযোগ দিয়েছে যে, সে না কি ফেইসবুকে লাইভে এসে কথা বলেছে। নিজেরা অন্যায় করছে, অপকর্ম করছে, উল্টো চাপিয়ে দেয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।”
তার অভিযোগ, “আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখন হিন্দু সম্প্রদায়ের মানুষরা বেশি নির্যাতিত হয়েছে। তার নমুনা দক্ষিন কেরানীগঞ্জের প্রতিমা বিসর্জনে আওয়ামী লীগের বাধা প্রদানের এই ঘটনা।”
এসময় র্যাবের সঙ্গে হাতাহাতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি চেয়ারম্যানের পাঞ্জাবি ছিঁড়া দেওয়ার আলোকচিত্র সাংবাদিকদের দেখান রিজভী।
বিফ্রিংয়ের সময় বিএনপির খায়রুল কবির খোকন, মীর সরাফত আলী সপু, আবদুল খালেক, নিপুণ রায় চৌধুরী, নাজিম উদ্দিন মাস্টার, শাহ নেছারুল হক উপস্থিত ছিলেন।
