‘প্রক্সি’ দিয়ে উত্তীর্ণ ২ শিক্ষার্থী জাবিতে ভর্তি হতে এসে গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়া দুই শিক্ষার্থী ভর্তি হতে এসে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- বগুড়ার আহনাফ শাহরিয়ার ও ময়মনসিংহের ফয়সাল আহমেদ।
তিনি বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং আইন ও বিচার বিভাগের দুই শিক্ষার্থী ভর্তি হতে আসেন।
পরীক্ষার খাতার লেখার সঙ্গে তাদের হাতের লেখার মিল না পাওয়ায় ওই দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ।
সুদীপ্ত শাহীন বলেন, “পরে সংশ্লিষ্ট ডিন অফিস থেকে নিরাপত্তা শাখায় খবর দেওয়া হলে সেখানে গিয়ে তাদেরকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়।
“জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রক্সির বিষয়টি স্বীকার করেন তারা। প্রক্সির বিষয়টি নিয়ে তারা লিখিত স্বীকারোক্তি দেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়; এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তাসমিয়া পারসূব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যেকটা বিভাগেই শিক্ষার্থী ভর্তি চলাকালীন সবকিছু ক্রস চেক করার জন্য একটা কমিটি থাকে। আমাদের বিভাগের সেই কমিটি রোববার এক শিক্ষার্থীর হাতের লেখায় মিল না পাওয়ায় এবং আচরণগত কিছু সমস্যা থাকায় ডিন অফিসকে অবগত করে।
“পরে সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে ডিন অফিসে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও হাতের লেখায় সমস্যা থাকায় তাকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়।
সহযোগী অধ্যাপক আরও বলেন, “বিভাগের ওই কমিটি জানিয়েছে- ওই শিক্ষার্থী নাম আহনাফ শাহরিয়ার। তিনি 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষায় তার মেধাক্রম ছিল ২৪৯তম।"
আইন ও বিচার বিভাগের একজন শিক্ষক বলেন, “রোববার ফয়সাল হোসেন নামে এক শিক্ষার্থী ভর্তি হতে আসেন। পরীক্ষার খাতার সঙ্গে তার হাতের লেখার মিল না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি প্রক্সির বিষয়য়টি স্বীকার করেন।"
এ দিকে মামলার বিষয়ে আশুলিয়া থানার এসআই নূর আলম বলেন, "রোববার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাদী হয়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন।”
সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
